শিক্ষক ছাড়া উচ্চশিক্ষা চলবে কীভাবে

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি ২২২ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক দিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। গাইবান্ধা সরকারি কলেজে প্রায় ১৫ হাজার শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৬৬ জন শিক্ষক থাকার তথ্য তাই গভীর উদ্বেগের। গণিতের মতো বিষয়ে একজন শিক্ষক দিয়ে স্নাতক পর্যায়ের পাঠদান চলছে। শিক্ষকস্বল্পতায় প্রতিদিন সব শ্রেণির ক্লাস হচ্ছে না। একটি সরকারি কলেজে এমন পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকা উচ্চশিক্ষার প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলারই পরিচয়।

কলেজটিতে ১৪টি বিষয়ে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে। কিন্তু কোর্স চালু করার সঙ্গে প্রয়োজনীয় শিক্ষক নিশ্চিত করা হয়নি। শিক্ষার্থীরা ভর্তি হচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, সনদও পাবেন; অথচ বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনের জন্য নিয়মিত পাঠদান পাচ্ছেন না। উচ্চশিক্ষাকে এভাবে ভর্তি ও পরীক্ষার কার্যক্রমে সীমিত করে রাখা যায় না। বিভাগ খোলার অনুমোদন দেওয়া কর্তৃপক্ষকে শিক্ষক ও শিক্ষাসামগ্রীর ঘাটতির দায়ও নিতে হবে।

শিক্ষার্থীদের কেউ কেউ জ্যেষ্ঠ শিক্ষার্থী ও গাইড বইয়ের সহায়তায় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। এটি নিয়মিত শিক্ষার বিকল্প হতে পারে না। বিশেষ করে গণিত, ইংরেজি ও অন্যান্য বিষয়ে ধারণা স্পষ্ট করা, প্রশ্নের উত্তর পাওয়া এবং বিশ্লেষণের দক্ষতা তৈরিতে শিক্ষকের সরাসরি সহায়তা প্রয়োজন। ঘাটতির কারণে শিক্ষার্থীদের ভিত্তি দুর্বল হলে তার প্রভাব চাকরি, উচ্চতর শিক্ষা ও ভবিষ্যৎ পেশাজীবনেও পড়তে পারে। এই ক্ষতির মূল্য শেষ পর্যন্ত তাঁদেরই দিতে হচ্ছে।

পুরোনো জনবলকাঠামোর সুপারিশ অনুযায়ী কলেজে ২৩৪ জন শিক্ষক প্রয়োজন বলে জানানো হয়েছে। তবে সুপারিশকৃত জনবলের ঘাটতি আর অনুমোদিত পদের শূন্যতা এক বিষয় নয়। শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে বর্তমান শিক্ষার্থীসংখ্যা, বিভাগের প্রয়োজন এবং অনুমোদিত পদ পর্যালোচনা করে সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। বিদ্যমান শূন্য পদ দ্রুত পূরণের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন পদ সৃষ্টি করতে হবে। সবচেয়ে সংকটাপন্ন বিভাগগুলো অগ্রাধিকার পাক।

আবাসন ও পরিবহনের অভাব শিক্ষার্থীদের সংকট আরও বাড়িয়েছে। দুটি ছাত্রাবাসে মাত্র ২০০ জনের থাকার সুযোগ রয়েছে। প্রত্যন্ত এলাকার দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মেসভাড়া কিংবা প্রতিদিন যাতায়াতের খরচ বহন করতে হচ্ছে। ফলে সরকারি কলেজে কম খরচে পড়ার সুযোগও অনেকের জন্য ব্যয়বহুল হয়ে উঠছে। প্রয়োজন যাচাই করে ছাত্রাবাস সম্প্রসারণ এবং সাশ্রয়ী পরিবহনের ব্যবস্থা জরুরি।

লাইব্রেরিতে প্রয়োজনীয় বই, সাশ্রয়ী ও স্বাস্থ্যসম্মত খাবারের জন্য ক্যানটিন এবং মাঠের জলাবদ্ধতা দূর করার ব্যবস্থাও নিতে হবে। তবে অগ্রাধিকারে থাকবে নিয়মিত পাঠদান। শিক্ষা মন্ত্রণালয়কে কলেজটির জন্য শিক্ষকসংকট নিরসনসহ একটি সময়বদ্ধ উন্নয়ন পরিকল্পনা দিতে হবে। জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রধান ভরসাস্থলকে শুধু নামেই গুরুত্বপূর্ণ রেখে কার্যত দুর্বল করে রাখা গ্রহণযোগ্য নয়।