ভিয়েতনাম থেকে বেশি দামে চাল কেনা কেন

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার যতই দেশকে খাদ্যে স্বাবলম্বী দাবি করুক না কেন, প্রতিবছরই উল্লেখযোগ্য পরিমাণ চাল ও গম আমদানি করতে হয়। প্রয়োজন হলে সরকার চাল আমদানি করবে, এ বিষয়ে কারও আপত্তি থাকার কথা নয়।

কিন্তু সেই চাল আমদানি করতে মন্ত্রী-সচিবকে সদলবলে বিদেশ সফর করতে হবে কেন? আর চাল কেনাবেচা নিয়ে কথা বলতে খোদ মন্ত্রীকেই কেন বিদেশে যেতে হবে? তা-ও এমন এক সময়, যখন দেশে ডলার-সংকট প্রকট।

গত মঙ্গলবার প্রথম আলোর শেষ পৃষ্ঠার প্রধান শিরোনাম ছিল ‘চাল কিনতে তিন দেশে মন্ত্রী-সচিব।’ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, খাদ্যসচিব মো. ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেনসহ মন্ত্রণালয়ের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল থাইল্যান্ড, ভিয়েতনাম ও কম্বোডিয়া সফর করে।

গত ২২ নভেম্বর কম্বোডিয়া যাত্রার মধ্য দিয়ে তাদের ত্রিদেশীয় সফর শুরু হয়। যদিও মন্ত্রী ও সচিবের একসঙ্গে বিদেশ সফর না করার বিষয়ে নির্দেশনা আছে। ২০১১ সালের ১৯ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো নির্দেশনায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সচিবকে একসঙ্গে বিদেশ সফর এড়িয়ে চলতে বলা হয়েছিল।

বিদেশ সফরে থাকায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে সচিবদের বৈঠকে খাদ্যসচিব উপস্থিত থাকতে পারেননি। বৈঠকে বলা হয়, সরকারি গুদামে ১৬ লাখ টনের বেশি চাল ও গমের মজুত আছে। তারপরও মিলমালিক ও বড় ব্যবসায়ীদের কারসাজিতে চালের দাম বাড়ছে। পত্রিকার খবর অনুযায়ী মন্ত্রী, সচিব ও অন্য কর্মকর্তাদের ভিয়েতনাম সফরের খরচ সে দেশের সরকার দেবে। তবে কম্বোডিয়া ও থাইল্যান্ড সফরের ব্যয়ভার বহন করতে হবে বাংলাদেশ সরকারকেই।

ভিয়েতনাম যে বাংলাদেশ প্রতিনিধিদের সফরের ব্যয়ভার বহন করছে, তার পেছনেও গূঢ় রহস্য আছে। বাংলাদেশ ভিয়েতনাম থেকে ২ লাখ ৩০ হাজার টন চাল কেনার চুক্তি করেছে, যার মধ্যে সেদ্ধ চালের দাম প্রতি টন ৫২১ ডলার ও আতপ ৪৯৪ ডলার। অথচ থাইল্যান্ড, কম্বোডিয়া, মিয়ানমার, ভারত ও পাকিস্তান থেকে অনেক কম দামে এই চাল কেনা যেত। মন্ত্রী-সচিবদের সফরের ব্যয় যেহেতু ভিয়েতনাম সরকার বহন করছে, তাই সেখান থেকে বেশি দামে চাল কেনার পেছনে আসলে কী কাজ করেছে, সেই প্রশ্ন ওঠা স্বাভাবিক।

উল্লিখিত দেশগুলোয় যেখানে চালের দাম টনপ্রতি ৪০০ ডলারের সামান্য ওপরে বা নিচে, সেখানে প্রায় এক শ ডলার বেশি দিয়ে ভিয়েতনামের চাল কেনার কী যুক্তি থাকতে পারে? ভিয়েতনাম কৃষিক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের মন্ত্রী-সচিবকে নিজ খরচে হ্যানয়ে নিয়ে গেছে, খুবই ভালো কথা। কিন্তু সেই সহযোগিতার অর্থ এই নয় যে আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি দামে তাদের চাল কিনতে হবে।

দেশে ধানের উৎপাদন বাড়লেও তা প্রয়োজনের তুলনায় কম। সে ক্ষেত্রে বাইরে থেকে চাল আমদানি করতেই হবে। চাল আমদানির একাধিক উৎস থাকায় দাম নিয়ে দর-কষাকষির সুযোগও আছে।

কিন্তু খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিব সেই সুযোগ কাজে না লাগিয়ে ভিয়েতনাম থেকে বেশি দাম দিয়ে কেন চাল কিনলেন? এটি কি বিনা মূল্যে ভিয়েতনাম ভ্রমণের দায় শোধ? যেখানে সরকারি কর্মকর্তাদের সফরের ওপর কঠোর বিধিনিষেধ আছে, সেখানে এই আনন্দভ্রমণের দায় কেন দেশের সাধারণ মানুষ নেবে? এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের ব্যাখ্যা দাবি করছি।