হাকালুকির প্রাণ-প্রতিবেশ রক্ষায় কঠোর হোন

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট অঞ্চলে এবারের ভয়াবহ বন্যা সহজে ভোলার নয়। দিন দিন হাওরের পরিধি কমার কারণে পরবর্তী সময়ে আরও বড় অশনিসংকেত দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। হাওর রক্ষা করতে হলে সেখানকার প্রাণ-প্রতিবেশের সুরক্ষায় গুরুত্ব দিতে হবে।

কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মৌলভীবাজারের হাকালুকি হাওরে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। এতে মিঠাপানির বৃহত্তর হাওরটিতে মাছ উৎপাদন ব্যাহত হচ্ছে। এভাবে চললে হাকালুকিতে অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে। সেখানে নানা সময় অভিযান চালানো হলেও তা যথেষ্ট নয়। যার কারণে হাকালুকির প্রাণ-প্রতিবেশ নিয়ে আমরা উদ্বিগ্ন।

মাছ, জলজ প্রাণী ও উদ্ভিদ নিয়ে হাকালুকির যে সমৃদ্ধি ছিল, তা এখন হারিয়ে বসেছে। হাওর ভরাট ও অবাধে জলজ সম্পদ আহরণই এর মূল কারণ। ফলে হাকালুকি এখন প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ)।

সেখানে এখন নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে বেড় জাল। প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, রাত হলেই বদলে যায় হাকালুকির চিত্রপট। তখন হাওরের বিভিন্ন প্রান্তে নৌকায় বেড় জাল নিয়ে মাছ ধরতে নামেন অনেকে।

এ অবৈধ জাল ব্যবহার করায় ধ্বংস হচ্ছে মাছের ডিম, রেণু পোনা, শামুক, ঝিনুক, জলজ পোকাসহ সব প্রকার প্রাণী ও উদ্ভিদ। কারেন্ট জালের ব্যবহার তো আছেই। সন্ধ্যার পর কুলাউড়া, জুড়ী, বড়লেখা, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জের বিভিন্ন প্রান্ত দিয়ে হাওরে মাছ ধরতে নামেন এসব অবৈধ জাল ব্যবহারকারীরা।

সারা রাত ধরে চলে মাছ ধরা। বিশাল একেকটি বেড় জালের সঙ্গে অনেক জেলে যুক্ত থাকেন। হাওরের অভয়াশ্রমেও অবৈধভাবে মাছ ধরেন তাঁরা।

অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে পুলিশের সহযোগিতায় স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে। তবে প্রয়োজনীয় জনবল ও নৌযানসংকটের কারণে নিয়মিত অভিযান চালাতে পারে না মৎস্য বিভাগ। তাদের এ সীমাবদ্ধতাকেই কাজে লাগাচ্ছে অবৈধ জাল ব্যবহারকারীরা। মাঝেমধ্যে অভিযানে আটককৃতদের যে শাস্তি বা জরিমানা দেওয়া হয়, তা–ও যথেষ্ট নয়। ফলে পরবর্তী সময়ে আবারও তাঁরা এ কাজে যুক্ত হয়ে পড়েন।

এবার বন্যার পানিতে হাওর এলাকায় একটি ইতিবাচক দিক হলো, বিলুপ্ত হওয়ার উপক্রম এমন অনেক মাছের আবার দেখা মিলছে। গত কয়েক বছরের মধ্যে এবার মাছের সহজলভ্যতার কারণে জেলেরাও খুশি। আবার অবৈধ জালের ব্যবহার নিয়েও তঁারা চিন্তিত।

ফলে হাকালুকিতে রাতের অবৈধ এ কারবার বন্ধে স্থানীয় প্রশাসন, পুলিশ ও মৎস্য বিভাগকে আরও বেশি কার্যকর ও কড়া পদক্ষেপ নিতে হবে। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা ও জেলেদের সচেতন করাও জরুরি।