দ্রুত জলাবদ্ধতার সমস্যা দূর করুন

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শহরে যে অনুপাতে জনসংখ্যা বেড়েছে, সেই অনুপাতে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বাড়েনি। এর মধ্যে অনেক প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা খুব একটা ভালো নয়। প্রথম আলোর অনুসন্ধানেই তা প্রকাশ পেয়েছে। জরাজীর্ণ ভবন, খেলার মাঠ না থাকা, জায়গা দখল হয়ে যাওয়া, বিশুদ্ধ পানি ও শৌচাগার–সংকট—সমস্যার শেষ নেই। এর মধ্যে দক্ষিণখানের একটি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা আরও করুণ। পয়োনালার পানিবন্দী প্রতিষ্ঠানটিতে শিক্ষার পরিবেশ নেই বললেই চলে। শিক্ষার্থীদেরও অন্যত্র নিয়ে যাচ্ছেন অভিভাবক। সরকারি স্কুলটি এখন বন্ধ হওয়ার পথে। বিষয়টি অবশ্যই উদ্বেগজনক।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় রাজধানীর দক্ষিণখানের চালাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটা সময় স্কুলটিতে বিপুল শিক্ষার্থী থাকলেও আগের সেই সুদিন এখন নেই। আশপাশে কয়েকটি বেসরকারি স্কুল হয়েছে। সামর্থ্যবান অভিভাবকেরা সন্তানদের ভালো পরিবেশে পড়াতে চান। সেটিই স্বাভাবিক। তবে চালাবন বিদ্যালয়ের সামনের সড়কে যেভাবে পয়োনালার পানি জমে থাকে, তাতে সেই স্কুলে সন্তানদের পড়াতে কোনো অভিভাবকই আগ্রহী হবেন না। ইতিমধ্যে অনেক অভিভাবকই তাঁদের সন্তানদের অন্যত্র স্কুলে ভর্তি করিয়েছেন।

জলাবদ্ধতার এ সমস্যা শুধু সড়কেই নয়, গোটা স্কুলকেই গ্রাস করেছে। বৃষ্টি হলে বিদ্যালয়ের মাঠের বেশির ভাগ জায়গা ডুবে থাকে নোংরা পানিতে। নিচতলার দুটি শ্রেণিকক্ষের ভেতরে, বারান্দায়, শৌচাগারে যাওয়ার পথে, এমনকি শৌচাগারও পয়োনালার পানিতে ডুবে থাকে। একবার ডুবলে কয়েক দিন এ সমস্যা থেকে যায়। তবে সড়কে সারা বছরই পয়োনালার পানি জমে থাকে। সেই পানি থেকে ছড়ায় দুর্গন্ধ, ভাসে ময়লা-আবর্জনা। এই পানি মাড়িয়েই শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসেন। এমন পরিস্থিতির জন্য স্কুলটিতে সব সময় বেশির ভাগ শিক্ষার্থীই অনুপস্থিত থাকে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারওয়ার জাহান প্রথম আলোকে বলেন, গত তিন বছরে এক দিনের জন্যও সামনের সড়কটি শুকনা ছিল না। স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে একাধিকবার সভা হলেও কোনো সুরাহা হচ্ছে না। বিদ্যালয়ের কাছেই ঢাকা উত্তর সিটির সংরক্ষিত নারী আসনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলোরা পারভীনের বাসা। তিনি বলেন, ওই এলাকায় নালা ও সড়ক মেরামতের জন্য অর্থ বরাদ্দ হলেও কাজ শুরু হচ্ছে না।

বরাদ্দ হওয়ার পরও কেন নালা ও সড়ক মেরামত করা হবে না? স্থানীয় জনপ্রতিনিধি কি চান স্কুলটি বন্ধ হয়ে যাক? সরকারি প্রাথমিক বিদ্যালয় দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষার বড় ভরসাস্থল। সেসব শিশু যদি বিদ্যালয়ে অনিয়মিত হয়ে পড়ে বা ঝরে পড়ে, তা অবশ্যই বড় ক্ষতি। আমরা আশা করব, দ্রুত নালা ও সড়ক সংস্কার করে স্কুলটির শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে।