একটি নদী মানে একটি অঞ্চলের প্রাণ। প্রাকৃতিকভাবে ভূমিকা রাখা ছাড়াও যোগাযোগ, কর্মসংস্থান ও জীবিকায় একটি নদীর অবদান অপরিসীম। ফলে কোনো নদী মরে গেলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে বিরূপ প্রভাব পড়ে। পরিবেশ-প্রকৃতির ক্ষতি তো হয়ই, অন্নসংস্থান নিয়ে বিপাকে পড়তে হয় মানুষকে।
যেমনটি আমরা দেখতে পাচ্ছি গাজীপুরের বানার নদের ক্ষেত্রে। বিপুল পরিমাণ কচুরিপানায় ঢাকা পড়ে গেছে নদটি। এতে নদটি প্রায় অকেজো হয়ে গেছে। যার কারণে বিপাকে পড়েছেন নদের দুই পারের মানুষ। বিশেষ করে সেখানকার জেলে সম্প্রদায়, মাঝিরা বেকার হয়ে গেছেন।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, শ্রীপুর থেকে কাপাসিয়া হয়ে শীতলক্ষ্যায় সংযুক্ত বানার নদকে কচুরিপানা দখল করে ফেলেছে। নদের শ্রীপুরের বরমী ঘাট থেকে সড়কপথে উপজেলার বরামা, গোসিংগা এবং কাপাসিয়া উপজেলার নারায়ণপুর, দস্যু নারায়ণপুর, সাফাইশ্রী, তরগাঁও, উত্তর খামের গ্রাম হয়ে ইকুরিয়া অংশ পর্যন্ত এমন দৃশ্য দেখা গেছে।
বানারের পারে দাঁড়ালে সেখানে নদের অস্তিত্ব টের পাওয়াই দুরূহ হয়ে পড়ে। নদটি দিয়ে আঞ্চলিক পণ্য আনা-নেওয়া, যাতায়াত ও খেয়া পারাপার করত মানুষ। সেটি এখন বন্ধ হয়ে গেছে। যেমন আগে সাফাইশ্রী ও তরগাঁও খেয়াঘাটে সাধারণত ৩৯টি নৌকা পারাপার করত।
কচুরিপানার কারণে বর্তমানে ছয় থেকে সাতটি নৌকা চলমান। জেলেদের ভাষ্য, এক মাস ধরে বানার নদে কচুরিপানার ভোগান্তি শুরু হয়েছে। প্রতিবছর এমন ভোগান্তি হয়। কচুরিপানার জন্য নদে মাছ শিকার করা বন্ধ। তাঁরা নৌকা ঘাটে বেঁধে রেখেছেন।
পাঁচ-ছয় বছর ধরে কচুরিপানার কারণে এভাবে ভুগছে বানার নদ ও সেখানকার বাসিন্দারা। প্রতিবছরই কচুরিপানার পরিমাণ বাড়ছে, সঙ্গে বাড়ছে এলাকাবাসীর ভোগান্তিও। বিশেষ করে বছরের মার্চ-এপ্রিল থেকে শুরু করে জুন ও জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত নদে কচুরিপানা জমে থাকে। এ সময় সেখানকার জেলে ও মাঝিরা বেকার হয়ে পড়েন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এ সময় এভাবে কর্মহীন হয়ে পড়াটা খুবই দুঃখজনক।
এ বিষয়ে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরীর বক্তব্য, কচুরিপানা এখন বাংলাদেশের নদ-নদীগুলোর জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যোগাযোগব্যবস্থা ও মৎস্য সম্পদের ক্ষতি হওয়া ছাড়াও নদী বা নদের ব্যবহার কমে যাওয়ার কারণে সেটির জায়গা দখলের প্রবণতা বেড়ে যায়।
ইতিমধ্যে এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে তাঁরা কথা বলেছেন। পরীক্ষা-নিরীক্ষা সম্পন্নের পর কচুরিপানা নিধনে যুগোপযোগী পাইলট প্রকল্প গ্রহণ করার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আমরা আশা করব, বানারসহ দেশের আরও নদ-নদীকে কচুরিপানামুক্ত করার এ উদ্যোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়িত হবে।