বাঁধ মেরামতে দ্রুত ব্যবস্থা নিন

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে নদীভাঙন আবারও দুশ্চিন্তা তৈরি করেছে। সাম্প্রতিক বছরগুলোতে জলোচ্ছ্বাস বা সাগরের জোয়ারের কারণে দিন দিন ছোট হয়ে আসছে সেখানকার বসতি।

টেকসই বাঁধ ছাড়া এ সংকটের মোকাবিলা কোনোভাবেই সম্ভব নয়। সেটি সবাই বুঝে থাকেন, নীতিনির্ধারকেরাও। কিন্তু কাজের কাজ কতটুকু হয়, এ নিয়ে সন্দেহ থেকেই যায়। একের পর এক প্রকল্প হয়, বিপুল অর্থ খরচ হয় কিন্তু উপকূলের মানুষের দুশ্চিন্তা দিনে দিনে আরও বেশি গাঢ় হয়।

যেমনটি আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরার শ্যামনগরে ও বরগুনার বেতাগীতে। সেখানে কোথাও বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে, কোথাও বাঁধ ভেঙে গিয়ে ইতিমধ্যে তলিয়ে গেছে জনপদ।

প্রথম আলোর প্রতিবেদন বলছে, কয়েক দিনে সাগরে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট জোয়ারের কারণে শ্যামনগরে দাতিনাখালী গ্রামে চুনো নদ ও বেতাগীর সরিষামুড়ীতে বিষখালী নদীতে ভাঙন শুরু হয়েছে।

সেখানে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ মানুষকে সুরক্ষা দিতে পারছে না। শ্যামনগরে বাঁধে ধস দেখা যাওয়ার কয়েক দিন হয়ে গেলেও সেখানে মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। বেতাগীতে বাঁধ সংস্কার না করায় ইতিমধ্যে অনেকগুলো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে বাঁধে আরও বড় ধস নেমে প্লাবিত হতে পারে আরও চারটি গ্রাম।

চুনো নদের পাড়ের বাসিন্দারা এখনো ঘূর্ণিঝড় আম্পান ও ইয়াসের তাণ্ডবের ধকল কাটিয়ে উঠতে পারেনি। সেখানে আবারও বাঁধে ধস, এরপর আরও ধসের আশঙ্কায় তাদের জীবন বিপর্যস্ত করে তুলেছে।

পাউবোর কর্মকর্তারা বাঁধের ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেই দায়িত্ব সেরেছেন বলে আমরা জানতে পারছি। পাউবো বলছে, আগামী সপ্তাহের মধ্যে বাঁধ মেরামতকাজ শুরু হতে পারে। এর মধ্যে আবারও ধস নামলে কী হবে দাতিনাখালীবাসীর? সঠিক সময়েই যদি বাঁধ মেরামত না হয় এবং সেটি কাজে না লাগে, তাহলে দুঃখ প্রকাশ ছাড়া কিছু নেই।

অন্যদিকে বেতাগীতে জোয়ারের পানির চাপে বাঁধের সড়কটি ভেঙে সেখানকার বসতবাড়িগুলো হাঁটুপানিতে তলিয়ে গেছে। গত বুধবার থেকে এসব এলাকার কোনো বাড়িতেই রান্নাবান্না হয়নি।

সেখানে বাঁধের আরও স্থানে ফাটল ধরেছে। যেকোনো মুহূর্তে বাঁধ ধসে গিয়ে আরও অনেক বাড়িঘর তলিয়ে যেতে পারে। বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, যত দ্রুত সম্ভব ওই বাঁধের সংস্কারকাজ শুরু করব। আমরা জানতে পারছি, সেখানে বাঁধ নির্মাণের জন্য বরাদ্দ পাওয়া গেছে। আশা করি, কোনো কালক্ষেপণ না করেই সেখানে সংস্কারকাজ শুরু হবে।