সংবাদপত্রের স্বাধীনতা সংরক্ষণ এবং সংবাদপত্র ও সংবাদ সংস্থার মানোন্নয়নের লক্ষ্যে ১৯৭৪ সালে পাস হওয়া আইনের আলোকে বাংলাদেশ প্রেস কাউন্সিল পরিচালিত হয়ে আসছে। বিগত ৪৮ বছরে সংবাদপত্র ও গণমাধ্যমের ক্ষেত্রে যে পরিবর্তন সাধিত হয়েছে, তার সঙ্গে তাল মিলিয়ে প্রেস কাউন্সিলকে যুগোপযোগী করার প্রয়োজনের বিষয়টি সর্বজনস্বীকৃত।
কয়েক বছর ধরে আইনটি সংশোধনীর প্রক্রিয়া চললেও মূল অংশীজনের কাছে খসড়া প্রকাশ করা হয়নি, মতামত দেওয়ারও সুযোগ রাখা হয়নি। এতে সম্পাদক পরিষদ, সাংবাদিক সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
গত জুন মাসে দ্য প্রেস কাউন্সিল (সংশোধন) অ্যাক্ট, ২০২২-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এটি সংসদে পাস হলে প্রেস কাউন্সিল অর্থদণ্ড দেওয়ারও ক্ষমতা পাবে। বিদ্যমান আইনে কেবল তিরস্কার করার ক্ষমতা রয়েছে সংস্থাটির। খসড়া অনুমোদনের পর মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন ১৯৭৪ সালের অ্যাক্ট আছে। সেটিই সংশোধন আকারে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে।
এর মূল বিষয় হলো সংবাদপত্র ও সংবাদ সংস্থার মানোন্নয়ন, সংরক্ষণ ও অপসাংবাদিকতা দূর করার লক্ষ্যে কাউন্সিল রাষ্ট্রীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা, নৈতিকতা ইত্যাদি ক্ষুণ্ন বা ভঙ্গের দায়ে অর্থদণ্ডের বিধান যুক্ত করা। এ ছাড়া আইনের সংশ্লিষ্ট ধারা অমান্যের দায়েও অর্থদণ্ড করা যাবে।
প্রেস কাউন্সিল আইনের সংশোধিত খসড়া নিয়ে প্রথম উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি হয় সংস্থাটির চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের বক্তব্যের পর। তিনি জানান, সাংবাদিকেরা অন্যায় করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রেখে একটি আইন হচ্ছে। অবশ্য তথ্যমন্ত্রী জানান, নতুন কোনো আইন হচ্ছে না। কিন্তু এর কয়েক দিনের মধ্যেই প্রেস কাউন্সিল আইনের সংশোধিত খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পায়।
সম্প্রতি সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ প্রেস কাউন্সিলের সভাপতি বিচারপতি নিজামুল হক নাসিমের সঙ্গে বৈঠক করে প্রেস কাউন্সিল আইন সংশোধন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সম্পাদক পরিষদের প্রতিনিধিরা প্রেস কাউন্সিলের কাছে সংশোধিত আইনের খসড়াটি দেওয়ার অনুরোধ করলে কর্তৃপক্ষ তাতে অপারগতা প্রকাশ করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্পাদক পরিষদ জানায়, এ ধরনের একটি আইন সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের মতামত নেওয়া প্রয়োজন। সংশোধনের প্রতিটি পর্যায় সম্পর্কে অবহিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এর পরিপ্রেক্ষিতে প্রেস কাউন্সিল আইনের সংশোধিত খসড়ার অনুলিপি অংশীজনদের কাছে সরবরাহ ও তা ওয়েবসাইটে প্রকাশের জোর দাবি জানানো হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক বিবৃতিতে সংশোধিত খসড়াটি প্রকাশের দাবি জানিয়েছে। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ‘আইনটির সঙ্গে সরাসরি গণমাধ্যম এবং গণমাধ্যমকর্মীদের স্বার্থ, স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট নীতিনৈতিকতার বিষয়টি জড়িত। তাই এ সংশোধনের প্রতিটি ধাপে এই অংশীজনদের অবহিত করার পাশাপাশি মতামত গ্রহণের পর তা সমন্বয় করা আবশ্যক।’
সাম্প্রতিক বছরগুলোতে যেকোনো নতুন আইন প্রণয়ন ও সংশোধনের ক্ষেত্রে খসড়া জনস্বার্থে প্রকাশ করা ও অংশীজনের মতামত গ্রহণ করার রীতি অনুসৃত হলেও প্রেস কাউন্সিল আইন সংশোধনের ক্ষেত্রে ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে। ডিজিটাল সিকিউরিটি আইন, উপাত্ত সুরক্ষা আইনসহ নানা নিয়ন্ত্রণমূলক আইন ও বিধিবিধানের বেড়াজালে ক্রমেই সংকুচিত করে তোলা হয়েছে সংবাদপত্রের স্বাধীনতা।
এ প্রেক্ষাপটে প্রেস কাউন্সিলের হাতে সাংবাদিকদের দণ্ড প্রদানের ক্ষমতা অর্পণ কোনোভাবেই অংশীজনের স্বার্থসংশ্লিষ্ট নয়। প্রেস কাউন্সিলকে যুগোপযোগী করার বিকল্প যেমন নেই, ঠিক তেমনি অংশীজনদের অন্ধকারে রেখে এ আইন সংশোধনের সুযোগ নেই।
সম্পাদক পরিষদ, সাংবাদিক সংগঠন ও সাংবাদিকদের উদ্বেগ আমলে নিয়ে প্রেস কাউন্সিল আইনের সংশোধিত খসড়া প্রকাশ করতে হবে। গণমাধ্যম, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়ে সেটির প্রয়োজনীয় সংশোধন করতে হবে।