দেশের সড়ক-মহাসড়কগুলোয় দুর্ঘটনা আর অব্যবস্থাপনা তো আছেই, এখন দূরপাল্লার গণপরিবহনের ভেতরে যাত্রীদের জিম্মি করে লুটপাট ও হত্যার মতো ভয়াবহ ঘটনা ঘটছে। গত রোববার রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলায় যা ঘটেছে, তা যেকোনো মানুষকে স্তম্ভিত করে দেয়। ‘সায়মন এক্সক্লুসিভ’ পরিবহনের একটি বাসে এক যাত্রীকে টাকার জন্য জিম্মি করে রাখা এবং তাঁকে বাঁচাতে যাওয়া দুই স্বজনকে চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে খোদ বাসচালক ও তাঁর সহকারীর বিরুদ্ধে।
নিহত মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২) ছিলেন নীলফামারী সদর উপজেলার শ্রমজীবী তরুণ। পরিবারের সচ্ছলতার আশায় রাজমিস্ত্রিসহ নানা কাজের সন্ধানে তাঁরা কুমিল্লায় গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে তাঁদের প্রতিবেশী চাচা আতিকের কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নিতেই বাসের চালক ও সহকারী এই পৈশাচিক কাণ্ড ঘটান বলে অভিযোগ উঠেছে। উদ্ধারকারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কোনো সড়ক দুর্ঘটনার আলামত পাননি। অর্থাৎ এটি কোনো দুর্ঘটনা নয়, বরং অর্থের লোভে সংঘটিত একটি নির্মম হত্যাকাণ্ড। প্রশ্ন হলো, একটি যাত্রীবাহী পরিবহনের চালক ও সহকারী কীভাবে এতটা বেপরোয়া ও নৃশংস হয়ে উঠলেন? পেছন থেকে আসা একটি মাইক্রোবাস পথ রোধ না করলে এবং চিকলী এলাকার স্থানীয় জনতা এগিয়ে না এলে হয়তো জিম্মি হওয়া যাত্রীকেও প্রাণ হারাতে হতো।
গণপরিবহন খাতে চালক ও সহকারীদের নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের যাচাই-বাছাই না থাকা, মালিকপক্ষের দায়হীনতা এবং দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতিই আজ পরিবহনশ্রমিকদের একাংশকে এমন ভয়ংকর অপরাধীতে পরিণত করেছে। এ ক্ষেত্রে আরেকটি উদ্বেগজনক বিষয় হলো, এ ঘটনায় ‘সড়ক পরিবহন আইনে’ মামলা নেওয়ার তথ্য পাওয়া গেছে। একজন যাত্রীকে জিম্মি করে অর্থ ছিনতাইয়ের চেষ্টা এবং দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা করা কোনোভাবেই কেবল সড়ক পরিবহন আইনের বিষয় হতে পারে না; এটি দণ্ডবিধির অধীন সুস্পষ্ট হত্যা ও ডাকাতির অপরাধ।
দুই তরুণ শ্রমিকের এমন অকালমৃত্যুতে তাঁদের পরিবার আজ দিশাহারা। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত চালক আজির হোসেন ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। কোনো ধরনের আইনি দুর্বলতা বা প্রভাব যেন এই অপরাধীদের বাঁচাতে না পারে, তা নিশ্চিত করতে হবে। ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে হত্যা ও ছিনতাইয়ের সুনির্দিষ্ট ধারায় অভিযোগপত্র দিয়ে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সংশ্লিষ্ট পরিবহন কোম্পানিকেও জবাবদিহির আওতায় আনতে হবে এবং মহাসড়কে যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও জোরদার করতে হবে।