আজ ২৮ ডিসেম্বর আমাদের জন্য একটি আনন্দময় দিন। এই দিনে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে আধুনিক গণপরিবহন মেট্রো যুগে; যা ম্যাস র্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে এমআরটি নামে পরিচিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টায় এটি উদ্বোধন করবেন। উদ্বোধনের পরদিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এ পথে যাত্রী নিয়ে চলবে শীতাতপনিয়ন্ত্রিত আধুনিক ট্রেন। পরবর্তী ধাপে এটি আগারগাঁও থেকে কমলাপুর পর্যন্ত চলাচল করবে। ২০১৬ সালের ২৬ জুন এমআরটি লাইন-৬–এর নির্মাণকাজ শুরু হয়।
পরিকল্পনা অনুযায়ী, সাড়ে তিন মিনিট অন্তর ট্রেন চলবে। তবে শুরুর দিকে ১০ মিনিট অন্তর চলবে। দিয়াবাড়ি এবং আগারগাঁও স্টেশনের প্ল্যাটফর্মে ১০ মিনিট করে অপেক্ষা করবে যাত্রী ওঠানো–নামানোর সুবিধার্থে। আগামী মার্চ বা এপ্রিলে মেট্রোরেল পুরোপুরি বাণিজ্যিক কার্যক্রমে যাওয়ার পর স্টেশনে মাত্র ৩০ সেকেন্ড যাত্রাবিরতি করবে।
ডিএমটিসিএলের ভাষ্য, যাত্রীদের অভ্যস্ত হতে শুরুর দিকে বাড়তি সময় দেওয়া হবে। দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ের ভাড়া ৬০ টাকা। সর্বোচ্চ ধারণক্ষমতা ২ হাজার ৩০৮ জন হলেও শুরুর দিকে প্রতিটি ট্রেন ১০০ থেকে ৩৫০ যাত্রী নিয়ে চলবে। মেট্রোরেলের ছয় বগির ট্রেনের দুই দিকেই থাকবে ট্রেইলার কোচ। যেখান থেকে চালকেরা ট্রেন পরিচালনা করবেন। প্রতিটি ট্রেইলার কোচের যাত্রী ধারণক্ষমতা ৩৭৪ জন।
মেট্রোরেল চলবে বিদ্যুতে। জাতীয় গ্রিড থেকে সরাসরি বিদ্যুৎ–সংযোগ থাকবে মেট্রোরেলের দিয়াবাড়ি ও মতিঝিল সাবস্টেশনে। থাকবে বিকল্প সংযোগও। বিদ্যুৎ–বিভ্রাট হলে চলবে জেনারেটর। ট্রেনের প্রথম ও শেষের বগিতে থাকবে ট্রেন পরিচালনার মডিউল। ফলে ট্রেন না ঘুরিয়েই চালানো হবে। ট্রেন নিয়ন্ত্রণে চালকদের কাজ সামান্যই। ট্রেন চলবে সফটওয়্যারে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) তথ্যমতে, বছরে দেশজ উৎপাদনের (জিডিপি) ২.৫ শতাংশ ক্ষতি করছে যানজট। টাকার অঙ্কে ৮৭ হাজার কোটি টাকা। দিয়াবাড়ী থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণাধীন এমআরটি-৬ লাইন যানজটের ক্ষতি কমাবে ৯ শতাংশ। বর্তমান সরকারের আমলে যে কটি মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, মেট্রোরেল তার অন্যতম। গত ২৫ জুন পদ্মা সেতু চালু হওয়ায় দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগযোগ অনেক সহজ ও সাশ্রয়ী হয়েছে। মেট্রোরেল চালু হলে ঢাকা শহরের যানজট ও মানুষের ভোগান্তি অনেকাংশে কমবে আশা করা যায়।
মেট্রোরেলের ভাড়া ধার্য করা হয়েছে সর্বনিম্ন ২০ টাকা ও উত্তরা-আগারগাঁওয়ে ৬০ টাকা। সোমবার ইনস্টিটিউট প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) আয়োজিত ‘রাজধানীর টেকসই পরিকল্পনা মেট্রোরেল: প্রেক্ষিত ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় পরিবহন বিশেষজ্ঞরা ভাড়া ৩০ শতাংশ কমানোর সুপারিশ করেছেন; যা বিবেচনার দাবি রাখে। কেননা ভাড়া কিছুটা কমালে যাত্রী বাড়বে এবং তাতে আয় কমবে না বলে ধারণা করি।
মেট্রোরেল কেবল দ্রুত পরিবহন নয়, এটি পরিবেশবান্ধবও। বাংলাদেশে মেট্রোরেল নতুন পরিবহন হওয়ায় এর সঙ্গে অভ্যস্ত হতে সময় লাগবে। ফলে কর্তৃপক্ষকে যাত্রীদের সচেতন করার পাশাপাশি নিজেদেরও সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জাতির অগ্রগতির প্রতীক এই পরিবহন কারও গাফিলতি বা ভুলে ক্ষতিগ্রস্ত হোক, সেটা কোনোভাবে কাম্য হতে পারে না। মেট্রোরেল ঢাকার জনজীবনে গতি আনুক।