কয়রাবাসীর ওপর এ কেমন অনাচার

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়রা—সংবাদমাধ্যমের মাধ্যমে অত্যন্ত পরিচিত একটি নাম। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অন্যতম শিকার খুলনার সুন্দরবন–সংলগ্ন প্রত্যন্ত উপকূলীয় উপজেলাটির মানুষ। প্রতিবছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও জোয়ারে নাকাল এ জনপদ। বারবার বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় যেন সেখানকার মানুষের নিয়তি।

বুকে বুক বা পিঠে পিঠ লাগিয়ে বাঁধ রক্ষা করতে হয় তাঁদের। তবু একটি টেকসই বাঁধ হয় না সেখানে। অনেক মানুষ ইতিমধ্যে উদ্বাস্তু হয়ে পড়েছে। এমন পরিস্থিতির মধ্যেও কয়রার প্রতি স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নীতিনির্ধারকদের বাড়তি মনোযোগ দেখা যায় না। ফলে যে বাঁধটি আছে, সেটিরও চরমভাবে ক্ষতি করে যাচ্ছেন ঘের ব্যবসায়ীরা।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, কয়রা কয়েকটি জায়গায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে চার শতাধিক স্থানে বাঁধের নিচে পাইপ ঢুকিয়ে বা ছিদ্র করা হয়েছে বা কেটে ফেলা হয়েছে। সেসব দিয়ে নদীর পানি ঘেরে তোলা হচ্ছে। এভাবে সনাতন পদ্ধতিতে চিংড়ি চাষ করতে গিয়ে নোনা পানি ঢুকে যাচ্ছে।

নোনা পানির কারণে উজাড় হচ্ছে বনজ ও ফলদ সম্পদ। হাঁস-মুরগি, গরু-ছাগল ও মিষ্টি পানির মৎস্যসম্পদ এখন প্রায় শূন্যের কোঠায়। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। আর বাঁধ কাটা বা ছিদ্র করার কারণে ঝুঁকি তৈরি হয়েছে প্রায় ২১ কিলোমিটার বাঁধে। অথচ আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষ করলে এমন সংকট তৈরি হতো না সেখানে।

স্থানীয়দের ভাষ্য, এভাবে সারা বছরই অবাধে নদী থেকে নোনা পানি তুলে চিংড়ি চাষ করছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। এলাকার জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা চিংড়ি চাষের সঙ্গে জড়িত বলে কেউ তাঁদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। এলাকাবাসীর দাবির মুখে চলতি বছরের শুরুর দিকে অবৈধ পাইপ অপসারণের জন্য গেলে পাউবোকে বাধাও দেন চিংড়িচাষিরা। ফলে কাজের কাজ কিছুই হয়নি। ঘেরমালিকেরা নির্বিঘ্নে তাঁদের কাজ চালিয়ে যাচ্ছেন। পাউবো কর্তৃপক্ষ প্রতিবছর ব্যবস্থা নেওয়ার কথা বললেও ঘেরমালিকদের বিরুদ্ধে কিছুই করতে পারছে না তারা।

শুধু বাঁধের ক্ষতিই করছেন না চিংড়িচাষিরা, সেখানকার ছোট নদী-খালগুলোও অবৈধভাবে দখল করে নিয়েছেন তাঁরা। ফলে দরিদ্র মানুষ উন্মুক্ত জলাশয়ে মাছ ধরা থেকে বঞ্চিত হয়ে কর্মসংস্থান হারাচ্ছেন।

তঁাদের জীবিকার ওপরেও নেমে এসেছে বড় আঘাত। এতেই বোঝা যাচ্ছে, জলবায়ু পরিবর্তনের আঘাত সয়ে বেঁচে থাকা মানুষগুলোর ওপরে কী পরিমাণ অনাচার চলছে। সেখানকার স্থানীয় প্রশাসন কী করছে? চিংড়ি ব্যবসায়ীরা কি তাদের চেয়েও শক্তিশালী? বাঁধ সুরক্ষায় ও কয়রার জনজীবন রক্ষায় কোনোভাবেই ছাড় নয়। আমরা দেখতে চাই, তাঁরা কী ব্যবস্থা নিচ্ছেন।