দুস্থ নারীরা কেন বঞ্চিত হবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি ও সুবিধাভোগী ব্যক্তিদের ভাতার পরিমাণ বৃদ্ধি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে কিছুটা স্বস্তি দিতে পারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ খানা জরিপ অনুযায়ী, দেশে দারিদ্র্যের হার কমলেও এখনো ১৮ দশমিক ৭ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। অতি দারিদ্র্যের হার ৫ দশমিক ৬ শতাংশ।

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মা ও শিশু ভাতা, দুস্থ নারী ভাতা ও প্রতিবন্ধী ভাতা। এসব ভাতার উপকারভোগী ব্যক্তিদের তালিকা তৈরির দায়িত্ব স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের। এ তালিকা নিয়ে অনিয়ম, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বেশ পুরোনো। কিন্তু জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের দ্বন্দ্বের কারণে উপকারভোগী দুস্থ নারীদের তালিকা না হওয়ার ঘটনা অত্যন্ত পীড়াদায়ক। প্রথম আলোর খবর থেকে জানা যায়, স্থানীয় দ্বন্দ্বের জেরে দেশের ২১টি ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় দুস্থ নারীদের মধ্যে চাল বিতরণ শুরু করা যায়নি। এর মধ্যে সাতটি ইউনিয়নে দুস্থ নারীদের চূড়ান্ত তালিকাই করা হয়নি।

কোথাও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের, কোথাও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের, আবার কোনো এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে দ্বন্দ্বের কারণে তালিকা চূড়ান্ত করা যায়নি। ফলে চলতি বছরের প্রায় চার মাস পেরিয়ে গেলেও এসব ইউনিয়নের দুস্থ নারীরা চাল পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন। ভিডব্লিউবি কার্যক্রমে উপকারভোগী ব্যক্তিরা দুই বছর ধরে মাসে ৩০ কেজি চাল সহায়তা পেয়ে থাকেন।

এবার ভিডব্লিউবি চক্র ২০২৩-২৪-এর জন্য বরাদ্দ রয়েছে ১০ লাখ ৪০ হাজার কার্ড। এতে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত উপকারভোগীরা সহায়তা পাবেন। সারা দেশে কার্যক্রমে তালিকাভুক্ত হতে আবেদন জমা পড়ে ২৫ লাখ ৮৬ হাজার ৬৩৭টি। গত বছরের ১০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এ আবেদন নেওয়া হয়। আবেদন যাচাই-বাছাইয়ের জন্য নির্ধারিত সময় শেষ হয় গত বছরের ডিসেম্বরে।

অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুরের খানসামা উপজেলার ছয়টি ইউনিয়ন ও কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার একটি ইউনিয়নে উপকারভোগীর তালিকা চূড়ান্ত করা যায়নি। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২টি, কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার ১টি, রাজারহাট উপজেলার ১টিসহ মোট ১৪টি ইউনিয়নে দ্বন্দ্বের কারণে তালিকা তৈরি করতে দেরি হয়েছে। ফলে এই ইউনিয়নগুলোয় চাল বিতরণ করা যায়নি। একটি উপজেলায় নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে ইউপি সদস্য ঐক্য ফোরাম ও গ্রামবাসীর ব্যানারে।

অনেক বিষয়ে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে। তাই বলে দুস্থ নারীদের তালিকা নিয়ে দ্বন্দ্ব হবে কেন? জনপ্রতিনিধিরা কেন নির্দিষ্ট সময়ে তালিকা করবেন না? আবার প্রশাসনও কেন জনপ্রতিনিধিদের বাদ দিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কথায় তালিকা করবে? বিষয়টি ক্ষমতার নয়, দায়িত্ববোধের। যাঁরা ভিডব্লিউবি কার্যক্রমের উপকারভোগীদের তালিকা তৈরির কাজটি করতে পারেননি, তাঁদের নিজ নিজ পদে থাকার যোগ্যতা আছে কি না, সেটাও দেখার বিষয়। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও ক্ষমতাসীন দলের নেতাদের মধ্যকার ত্রিমুখী লড়াইয়ের শিকার হবেন কেন দুস্থ ও অসহায় নারীরা?

স্থানীয় জনপ্রতিনিধি হোক কিংবা প্রশাসন হোক, যাঁদের কারণেই দুস্থ নারীদের তালিকা হয়নি, তঁাদের জবাবদিহির আওতায় আনা হোক। এ ব্যাপারে অবিলম্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করছি।