ক্ষমতার রশি–টানাটানি বন্ধ হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এরশাদের সামরিক শাসনামলে প্রতিষ্ঠিত উপজেলা পরিষদের অবস্থা ছিল এমন যে ‘জন্ম থেকে জ্বলছি।’ সে সময় সব বিরোধী রাজনৈতিক দল এই ব্যবস্থার বিরোধিতা করছিল; যদিও প্রশাসন বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এটা ছিল উল্লেখযোগ্য পদক্ষেপ। নব্বইয়ে গণ-অভ্যুত্থানের পর বিএনপি ক্ষমতায় এসে উপজেলা ব্যবস্থা বাতিল করে দেয়। এরপর আওয়ামী লীগ সরকার উপজেলা ব্যবস্থা ফের চালু করলেও নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তার মধ্যে ক্ষমতার রশি-টানাটানি চলতে থাকে। একাধিকবার আইন সংশোধন করা হলেও বিষয়টির নিষ্পত্তি হয়নি। অবশেষে সংক্ষুব্ধ পক্ষ আদালতে যায়, যার রায় পাওয়া যায় গত ২৯ মার্চ। 

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই মর্মে রায় দিয়েছেন যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হতে পারবেন না। তবে তিনি পরিষদের সাচিবিক দায়িত্ব পালন করবেন। ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারায় ২০১১ সালে সংশোধনী আনা হয়। সেই সংশোধনীতে ইউএনওকে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন ও আর্থিক শৃঙ্খলা প্রতিপালন করার ক্ষমতা দেওয়া হয়। 

সংশোধিত ৩৩ ধারা সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে ২০২০ সালের ৭ ডিসেম্বর উপজেলা পরিষদ সমিতির সভাপতি ও দুমকি উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি, দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদসহ কয়েকজন জনপ্রতিনিধি একটি রিট করেন। এ ছাড়া ৩৩ ধারার পাশাপাশি চেয়ারম্যানদের অপসারণ ও সাময়িক বরখাস্তকরণসংক্রান্ত আইনের কয়েকটি বিধান নিয়ে ২০২১ সালে আরেকটি রিট করেন পটুয়াখালীর দশমিনা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আজিজসহ তিনজন জনপ্রতিনিধি। 

এসব রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত বিভিন্ন সময় রুল দেন। রুলের ওপর শুনানি শেষে উল্লিখিত রায় দেওয়া হয়। রায়ে উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারা এর ‘উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হইবেন’ এই অংশটুকু অবৈধ এবং সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা উপজেলা পরিষদ পরিচালিত হবে বলেও রায়ে বলা হয়েছে। 

অন্যদিকে সরকারি অর্থে পরিচালিত উপজেলা পরিষদের স্থায়ী কমিটিগুলোর সভাপতি পদে নির্বাচিত জনপ্রতিনিধিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। তবে উপজেলা পরিষদের অর্থে পরিচালিত কমিটিগুলোতে উপজেলা চেয়ারম্যান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। ফলে সরকারি অর্থে পরিচালিত উপজেলা পরিষদের স্থায়ী কমিটিগুলোর সভাপতি পদে ইউএনওরা আগের মতোই দায়িত্ব পালন করে যাবেন। 

আমরা আশা করব, আদালতের রায়ের পর উপজেলা পরিষদ নিয়ে প্রশাসন ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে যে ক্ষমতার দ্বন্দ্ব চলে আসছিল, তার অবসান হবে। উপজেলা পরিষদে জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অস্বীকার করা যাবে না। সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে এই পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকাকেও খাটো করে দেখার সুযোগ নেই। এখানে কোনো পক্ষ অপর পক্ষের ওপর খবরদারি বা হস্তক্ষেপ করবে না। একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে। জনগণের সেবা নিশ্চিত করতে হলে ক্ষমতার ভারসাম্যের পাশাপাশি পরিষদের কাজে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি থাকতে হবে।