শিশুদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে আমাদের। স্মার্টফোন ও নানা গ্যাজেটনির্ভরতার কারণে শিশুদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা তৈরিতে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
তথ্যপ্রযুক্তির কালে পাল্টে যাওয়া সামাজিক ও পারিবারিক বাস্তবতায় সেই সঙ্গে নাগরিক জীবনের ঘেরাটোপে পড়ে শিশুদের অসহায়ত্বকে আলাদাভাবে নিরূপণ করাও কঠিনতর হয়ে পড়েছে। শিশুদের জগৎ দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। সেখানে একটি খেলার মাঠ বা একটি শিশুপার্ক বড় ভূমিকা রাখতে পারত, কিন্তু সেটিও হয়ে উঠছে না।
বরং খেলার মাঠই দিন দিন হারিয়ে যাচ্ছে। শিশুপার্কগুলো নিয়েও আমাদের হতাশ হতে হয়। যেমনটি আমরা দেখতে পাচ্ছি খুলনা শহরে। সেখানে মুজগুন্নী শিশুপার্কটি সংস্কারের নামে চার বছর ধরে বন্ধ করে রাখা হয়েছে।
খুলনা শহরে আটটি পার্কের একটি এই শিশুপার্ক। পার্কগুলো খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) অধীনে। ২০১৯ সালে আধুনিকায়নের নামে শিশুপার্কটি বন্ধ করে দেয় কেডিএ।
চার বছর পর আমরা দেখতে পাই, শিশুপার্কটির অবস্থা বরং আরও করুণ হয়ে গেছে। লম্বা ঘাস-লতাপাতা-জংলায় এতটাই ছেয়ে গেছে, বোঝার উপায় নেই সেটি একটি শিশুপার্ক। আবার কেডিএর অন্য পার্কগুলোতে নেই শিশুদের জন্য বিনোদনমূলক কোনো ব্যবস্থা। তার মানে একটি শহরের উন্নয়ন কর্তৃপক্ষ তার বাসিন্দাদের শিশুদের বেড়ে ওঠায় কতটা অমনোযোগী, সেটিই প্রকাশ পায় এতে।
দ্য ডেইলি স্টার এক প্রতিবেদনে জানাচ্ছে, ২০০৭ সালে মুজগুন্নী আবাসিক এলাকায় আট একরের বেশি জায়গার ওপর এ শিশুপার্ক গড়ে তোলে কেডিএ। এসএস ওয়ার্ল্ড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে লিজ দেওয়া হয় সেটি। শুরু থেকেই পার্কটি শিশুদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু চালুর দুই বছর যেতে না যেতেই পার্কটির অবস্থা খারাপ হতে থাকে।
পার্কটি পরিচালনায় নানা অব্যবস্থাপনা ও অসংগতি দেখা দেয়। শিশুবান্ধব প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে অতিরিক্ত স্থাপনা গড়ে তুলেছিল প্রতিষ্ঠানটি। একপর্যায়ে ২০১৯ সালে তাদের লিজ বাতিল করা হয়।
সেই থেকে পার্কটি তালাবদ্ধই আছে। তখন কেডিএ জানিয়েছিল, আধুনিকায়ন ও সংস্কার করে পার্কটি খুলে দেওয়া হবে। এখনো তারা সে কথাই বলছে।
শিশুপার্কটি আদৌ চালু করা হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আশা করছি, এ ব্যাপারে কেডিএ আরও আন্তরিক হবে। পার্কটিতে শিশুরা আবার খেলছে, দৌড়াচ্ছে, আনন্দে মেতেছে—এমন দৃশ্যই আমরা দ্রুত দেখতে চাই।