অপরিকল্পিত নগরায়ণে কতভাবে সম্পদের অপচয় ঘটে, তার একটা চলমান গবেষণাগার হতে পারে রাজধানী ঢাকা। আধুনিক নগর-পরিকল্পনায় যেখানে ভবন নির্মাণ বিধিমালায় আলো-বাতাস অনায়াস চলাচলের ওপর জোর দেওয়া হয়, ঢাকায় সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র প্লটে বহুতল ভবন নির্মাণ করাটাই স্বাভাবিক প্রবণতা হয়ে দাঁড়িয়েছে।
সেসব ভবনে আলো-বাতাস প্রবেশের ব্যবস্থা না থাকায় অনেকে এসি ব্যবহার করতে বাধ্য হচ্ছে। ফলে ঢাকায় প্রতিবছর ২০ শতাংশ হারে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ব্যবহার বাড়ছে। এর নেতিবাচক প্রভাব দুভাবে পড়ছে। একদিকে বিদ্যুতের চাহিদা দিন দিন বাড়ছে, অন্যদিকে ঢাকা শহরের গড় তাপমাত্রাও বাড়ছে। অথচ এসির ব্যবহারসংক্রান্ত নীতিমালা করা গেলে বিপুল পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।
ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) তত্ত্বাবধানে পরিচালিত একটি গবেষণার বরাতে প্রথম আলোর খবর জানাচ্ছে, বর্তমানে সারা দেশে প্রায় ২৮ লাখ ইউনিট শীতাতপনিয়ন্ত্রণ ব্যবহার করা হয়। এর বেশির ভাগই ঢাকার। এ যন্ত্রগুলো গড়ে ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৈনিক ৮ ঘণ্টা ব্যবহার করলে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালালে অন্তত ২৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।
গবেষকদের মতে, কার্যকর নগর-পরিকল্পনা, ইমারত বিধিমালা ও এসি ব্যবহারের সঠিক নীতিমালা থাকলে এসির ব্যবহার সীমিত করার পাশাপাশি বিদ্যুতের চাহিদা বহুলাংশে কমানো যায়। একটি এসির ১০ মিটার ব্যাসার্ধের মধ্যে তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি হয়। লাখ লাখ ইউনিট একসঙ্গে ব্যবহারের কারণে সামগ্রিকভাবে পরিবেশের তাপমাত্রা বাড়ছে।
জ্বালানিস্বল্পতায় গত কয়েক মাসে দেশে বিদ্যুৎ-সংকট চলছে। গরম ও শীতের মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদার ব্যবধান প্রায় ৪ হাজার মেগাওয়াট। বিশাল এ ব্যবধানটা তৈরি করে দিচ্ছে মূলত শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের মাত্রাতিরিক্ত ব্যবহার। জ্বালানি-সংকটের মধ্যেও নিরবচ্ছিন্ন এসি ব্যবহার নিশ্চিতের জন্য অনেকেই তেলনির্ভর জেনারেটর চালাচ্ছে। এতে জ্বালানি সাশ্রয়ের বদলে উল্টো চাহিদাটা বাড়িয়ে দিচ্ছে।
ভারত, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫–২৬ ডিগ্রির নিচে নামতে না দেওয়ার নীতিমালা রয়েছে। এ ছাড়া বহুতল ভবনে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ব্যবহার করলেও বিদ্যুতের তুলনামূলক সাশ্রয় হয়।
বর্তমান সংকটে দেশের বর্তমান বাস্তবতায় এসির ব্যবহার বন্ধ করা সম্ভব নয়, কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ে এসি ব্যবহারের নীতিমালা প্রণয়ন করা জরুরি হয়ে পড়েছে। বর্তমান সংকট থেকে শিক্ষা নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার সাশ্রয়ে সর্বোচ্চ সচেতনতা প্রয়োজন।