প্রশাসন কি ব্যর্থ হতে চলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে পাহাড়নিধন বা দখল কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আইন প্রয়োগ করে বা প্রশাসনিক ব্যবস্থা নিয়েও কোনো কাজ হচ্ছে না। তাই যেভাবে পাহাড়ের সংখ্যা দিন দিন কমছে, তাতে আমাদের শঙ্কিত হতেই হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পাহাড় কাটার চিত্র থেকে আমরা দেখতে পাই, পাহাড়খেকোরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে। সেখানকার গোপীনাথপুর ও বায়েক ইউনিয়নের পাহাড়গুলো কোনোভাবেই রক্ষা করা যাচ্ছে না। ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মামলা ও কারাদণ্ড দেওয়ার পরও থামানো যাচ্ছে না পাহাড়খেকোদের।

কসবার এই দুই ইউনিয়নে ৩৭৫ একর জমিতে পাহাড় রয়েছে। সেসব পাহাড়ের ওপর লোলুপ দৃষ্টি পড়েছে স্থানীয় এক ইউপি সদস্যসহ বেশ কয়েকজন প্রভাবশালীর। পাহাড়ের মাটি বিক্রি করে অবৈধভাবে বিপুল অর্থের মালিক বনে গেছেন তাঁরা। তবে তাঁরা কী পরিমাণ পাহাড় কেটেছেন, তার হিসাব উপজেলা প্রশাসনের কাছে নেই। স্থানীয় লোকজন ধারণা করছেন, প্রায় ৫০ একর জমির পাহাড় কেটে নেওয়া হয়েছে। এভাবে চললে ওই এলাকা অচিরেই পাহাড়শূন্য হয়ে পড়বে।

উপজেলা সদর থেকে ১৪ থেকে ১৫ কিলোমিটার দূরে বায়েক ও গোপীনাথপুর ইউনিয়নের অবস্থান। ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মাটি কাটার দুটি খননযন্ত্র (এক্সকাভেটর) জব্দ করেছেন। কিন্তু দূরবর্তী এলাকা হওয়ায় প্রশাসনের পদক্ষেপ কোনো কাজে আসছে না। অভিযান চালানোর পর আবারও মাটি কাটা শুরু হয়ে যায়। পাহাড়খেকোদের জরিমানা করেও কোনো লাভ হচ্ছে না। কারণ, মাটি বিক্রি করে তাঁদের যে আয় হয়, তা থেকে জরিমানার অর্থ নিতান্তই কম। একজনকে মাত্র এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এমন কারাদণ্ডকেও তোয়াক্কা করছেন না পাহাড়খেকোরা।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় অবিলম্বে পাহাড় কাটা বন্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু পরিবেশ অধিদপ্তরের কার্যকর কোনো ভূমিকাও আমরা সেখানে দেখছি না। এসব এলাকার পাহাড়নিধন নিয়ে প্রথম আলো একের পর এক প্রতিবেদন প্রকাশ করেছে। এখন প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পরও যেহেতু পাহাড় কাটা বন্ধ হচ্ছে না, তার মানে কি প্রশাসন ব্যর্থ হতে চলেছে? একজন ইউপি সদস্য ও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কাছে কি প্রশাসন হার মেনে নিল? আমরা আশা করব, কসবার পাহাড়গুলো রক্ষা করতে কঠোর অবস্থানে যাবে প্রশাসন।