পরিবারের দ্বন্দ্ব মেটাতেই বিলম্বিত পদক্ষেপ?

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংকের (এনবিএল) পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে। আমরা এটাকে ইতিবাচক বলতে পারতাম, যদি তারা সিদ্ধান্তটি অনেক আগে নিত। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, ২০১৪ সালে ব্যাংক কোম্পানি আইন লঙ্ঘন, আর্থিক অবস্থার অবনতি, ঋণে নানা ধরনের অনিয়ম ধরা পড়ার পরও কেন্দ্রীয় ব্যাংক কেন ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দিল না? কেন তারা একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েই সে সময় দায়িত্ব শেষ করল?

ব্যাংক কোম্পানি আইনে দেওয়া ক্ষমতা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বৃহস্পতিবার এক আদেশে প্রথম প্রজন্মের বেসরকারি খাতের এই ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছেন। এর পরপরই কেন্দ্রীয় ব্যাংক সমস্যায় জর্জরিত ব্যাংকটির জন্য সাত সদস্যবিশিষ্ট নতুন পর্ষদ গঠন করেছে। নতুন পর্ষদে আগের পর্ষদের তিনজন উদ্যোক্তা পরিচালক বাদ পড়েছেন।

ন্যাশনাল ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণ ১৩ হাজার ৫১৫ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৩১ শতাংশ। এ ছাড়া অবলোপন করা খেলাপি ঋণ ১ হাজার ৬৭২ কোটি টাকা। এর বাইরে ৭ হাজার ৬৯৪ কোটি টাকা নিয়মিত দেখানো হলেও এর বিপরীতে কোনো আয় নেই।

সব মিলিয়ে ২২ হাজার ৮৮১ কোটি টাকা বা ৫৩ দশমিক ৭৩ শতাংশ ঋণের বিপরীতে কোনো আয় পাচ্ছে না ব্যাংকটি। এদিকে মোট ঋণের মধ্যে ২৪ হাজার ৭১৭ কোটি টাকা বা ৫৮ দশমিক ৭৭ শতাংশ রয়েছে শীর্ষ ৩০ গ্রাহকের কাছে, যাঁদের মধ্যে কাগুজে প্রতিষ্ঠানও রয়েছে। টাকার সংকট মেটাতে এখন উচ্চ সুদে আমানত সংগ্রহ করছে ন্যাশনাল ব্যাংক।

প্রথম আলোর খবর অনুযায়ী, ব্যাংকটির মালিকানায় থাকা সিকদার গ্রুপের বিরুদ্ধেই এত দিন অনিয়মের নানা অভিযোগ ছিল। শেষ পর্যন্ত সিকদার পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব শুরু হওয়ার পর ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, একক পরিবার, ব্যক্তি বা মালিকানাধীন প্রতিষ্ঠান একটি ব্যাংকের সর্বোচ্চ ১০ শতাংশ শেয়ার ধারণ করতে পারে, তবে ব্যাংকটিতে সিকদার পরিবারের শেয়ার রয়েছে ১৬ দশমিক ৫৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের বিলম্বিত পদক্ষেপ দেখে প্রশ্ন ওঠে, তারা ব্যাংকের আমানতকারীদের অর্থের সুরক্ষা দিতে এই পদক্ষেপ নিয়েছে, না পারিবারিক দ্বন্দ্ব মেটাতে? বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ নেওয়ার আগেও অনেক ঘটনা ঘটেছে। ব্যাংকের অন্যতম পরিচালক পারভীন হক সিকদার বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চিঠি দিয়ে নিয়ন্ত্রক সংস্থার অধীন এজিএম অনুষ্ঠানের দাবি জানিয়েছিলেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংকটির ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের ওপর আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা জারি করেন চেম্বার আদালত। এই আদেশের ফলে বৃহস্পতিবার ব্যাংকটির এজিএম হয়নি।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত সম্পর্কে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংকের কাছে এই ক্ষমতা সব সময় ছিল, কিন্তু তারা সময়মতো এটা প্রয়োগ করেনি। বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো পরিবারের দ্বন্দ্ব মেটানোর চেয়ে আমানতকারীদের অর্থের সুরক্ষা অনেক বেশি জরুরি। তারা যদি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায় এবং লুটপাটকে প্রশ্রয় না দেয়, তাহলে ইসলামি ধারার যেই ছয় ব্যাংক বর্তমানে আর্থিক সংকটে আছে, সেগুলোতেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই। অভিভাবকত্বকারী প্রতিষ্ঠান হিসেবে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারিতে নিশ্চুপ থাকতে পারে না।