ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ হাসিনা সরকার পতনের পর গুরুত্বপূর্ণ স্বাস্থ্য খাতে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা রোধে যতটা পদক্ষেপ নেওয়ার কথা ছিল, তার তেমন লক্ষণই দেখা যাচ্ছে না। স্বাস্থ্য খাতে দুর্নীতির বড় একটি উৎস হচ্ছে চিকিৎসাযন্ত্র ও সরঞ্জাম ক্রয়, সরবরাহ এবং অন্যান্য কেনাকাটা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সরঞ্জাম সরবরাহে চরম অনিয়ম ও প্রতারণা করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে লিফট জালিয়াতি করে বিতর্কিত ও সমালোচিত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবার হাসপাতালটিতে নকল শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) সরবরাহের অভিযোগ উঠেছে। এ গ্রেডের লিফটের বদলে নিম্নমানের সি গ্রেডের লিফট স্থাপন করার পর ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রাদার্স কনস্ট্রাকশনকে কালোতালিকাভুক্ত করার দাবি উঠলেও তাতে কোনো কাজ হয়নি। বরং প্রতিষ্ঠানটিকে নতুন করে কাজ দেওয়া হয়েছে, যেখানে তারা নকল এসি সরবরাহ করেছে। বড় ধরনের জালিয়াতির পরও কীভাবে তারা ঠিকাদারির কাজ পায়?

ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ ছয়টি নকল এসি খুলে ফেলে রেখেছে। ঠিকাদার এখন সব এসি পরিবর্তন করে দিতে গড়িমসি করছে। এটি কেমন কথা? শুধু তা–ই নয়, লিফট জালিয়াতি করে ধরা পড়ার পর এখনো অরিজিনাল লিফট সরবরাহ করেনি তারা। এতে হাসপাতালের রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আইসিইউর জন্য স্মার্ট দরজার বদলে তারা কাঠের দরজা লাগিয়ে দিয়েছিল। সেখানে ধরা খাওয়ার পর সেগুলো পাল্টে কাচের দরজা লাগানো হয়। এমন প্রতিষ্ঠান কী করে একটি হাসপাতালের আইসিইউ ইউনিট নির্মাণের কাজ পায়? ঠিকাদারি প্রতিষ্ঠানটি কি নিজেদের সর্বেসর্বা মনে করছে? ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে কালোতালিকাভুক্ত করতে গত সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।

ব্রাদার্স কনস্ট্রাকশন নকল এসি সরবরাহ করেছে নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) মতো স্পর্শকাতর ইউনিটে। আইসিইউর জন্য এসি সরবরাহের বিষয়টি যেনতেন কোনো বিষয় নয়। সে ইউনিটে এসি একটি অপরিহার্য বা আবশ্যকীয় অনুষঙ্গ। আইসিইউর এসিকে গুরুত্বপূর্ণ চিকিৎসাযন্ত্রও বললে ভুল হবে না। সেখানে কীভাবে নকল এসি সববরাহ করতে পারল ব্রাদার্স কনস্ট্রাকশন?

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে লিফট জালিয়াতির মতো অপরাধ করার পর শুধু এ হাসপাতালে নয়, অন্য প্রতিষ্ঠানেও ঠিকাদারির কাজ পেয়েছে ব্রাদার্স কনস্ট্রাকশন। এ ঠিকাদারি প্রতিষ্ঠান ও এর মালিক কি এতটাই শক্তিশালী যে তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? জালিয়াতির কারণে শুধু কালোতালিকাভুক্ত করলেই হবে না, ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।