প্রশাসনের উদাসীনতা ও ব্যর্থতা হতাশাজনক 

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আউল-বাউল, ফকির-সাধু, গায়েন-বয়াতিদের সাধনা, চিন্তা ও সংগীতচর্চার দীর্ঘ ঐতিহ্যে ধন্য এ বাংলা ভূমি। এখানে আছেন ফকির লালন শাহ, রাধারমণ দত্ত, মনোমোহন সাধু, রশিদ উদ্দীন, জালাল খাঁ, বিজয় সরকার, শাহ আবদুল করিম, হাসন রাজা—কত কত কিংবদন্তি সাধক পুরুষ। ধর্ম-বর্ণ-গোত্র-জাতনির্বিশেষে এক মানবিক সমাজের কথাই বলে গেছেন তাঁরা। যুগের পর যুগ এখনো মানুষের চিন্তা ও জীবনদর্শনে বিপুল প্রভাব বিস্তার করে আছেন তাঁরা। বিশেষ করে কুষ্টিয়ার লালন সাঁইয়ের প্রভাব দেশের অনেক জেলায় দারুণভাবে হাজির আছে। যার মধ্যে একটি জেলা হচ্ছে কুষ্টিয়ার পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা। সেখানে বাউল-ফকিরদের অনেক আখড়াবাড়ি আছে। দুঃখজনক হচ্ছে, জেলাটিতে বাউল-ফকিরদের ওপর একের পর এক হামলা, চুল কেটে দেওয়া, আখড়াবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নানাভাবে অপদস্থ করা হচ্ছে। বিষয়টি খুবই উদ্বেগজনক।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলায় গত সাত বছরে বাউল-ফকিরদের চারটি আখড়ায় হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বাউল-ফকিরদের একজন সংগঠক নিহত ও নয়জন আহত হন। হতাহতের ঘটনায় তিনটি মামলা হলেও সেগুলোর কোনো গতি হয়নি। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের চাপে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে আপস করতে বাধ্য হয়েছেন বাউল-ফকিরেরা। এমন পরিস্থিতিতে সর্বশেষ ৭ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার বেলগাছি শেওড়াতলা মাঠে বাউল আখড়ায় হামলা ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। অতীতের ঘটনাগুলোর সঠিক তদন্ত ও প্রকৃত হামলাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করায় এমন ঘটনা থামছে না বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাউল-ফকিরদের ওপর হামলার ঘটনায় ধর্মীয় অসহিষ্ণুতা ও উগ্রবাদের বিষয়টি আলোচিত হয়ে থাকে। তবে চুয়াডাঙ্গার ঘটনাগুলোর সঙ্গে অসহিষ্ণুতার পাশাপাশি স্থানীয় ক্ষমতাসীন রাজনীতি যুক্ত বলে আমরা জানতে পারছি। সেখানে ক্ষমতাসীন রাজনৈতিক নেতা-কর্মীদের দায়ী করছেন বাউল-ফকিরদের প্রতিনিধিরা। যেমন দামুড়হুদা উপজেলা বাউল কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক নজরুল ভান্ডারী বলেন, ‘আপস না করলি নেতাগুতারা আমাগের ভিটেছাড়া করত।’ নেতাদের নাম জানতে চাইলে তিন বলেন, ‘নাম বুলা যাবে না। তবে, আমরা যাঁদের ভোট দিই, তাঁরাই আপস করিয়েচে।’

চুয়াডাঙ্গায় বাউল-ফকিরদের হামলার মামলা তো সুরাহা হচ্ছেই না, বরং এক বাউল সংগঠকের হত্যাকাণ্ডের তিন আসামি কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই এখানে সমাধান হতে পারে না। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকায় আমরা দেখতে চাই। প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা এখন ক্ষমতাসীন রাজনৈতিক নেতা-কর্মীদের সামনে ভীত হয়ে থাকবেন নাকি কোনো ব্যবস্থা নেবেন—সেটিই দেখার অপেক্ষা।