তানোর, উলিপুর, ফরিদপুরে প্রশাসনের ব্যর্থতা

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য দরকার প্রত্যেক নাগরিকের প্রতি সমান দৃষ্টি দেওয়া। কিন্তু রাষ্ট্র ও সরকার প্রায়ই সেখানে ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে বলা যায়। তবে ইতিবাচক বিষয় হচ্ছে সমাজের দুস্থ, দরিদ্র, ভূমিহীন ও গৃহহীনদের জন্য বেশ কিছু কর্মসূচি ও প্রকল্প চালু করেছে সরকার।

যেমন গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), কাজের বিনিময়ে টাকা (কাবিটা), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ইত্যাদি। গৃহহীন ও ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প তো আছেই। এসব কর্মসূচি ও প্রকল্পের পেছনে খরচ করা হচ্ছে কোটি কোটি টাকা। কিন্তু দিন শেষে সেসবের সুফল পাচ্ছেন কি প্রকৃত সুবিধাভোগীরা?

সম্প্রতি শরীয়তপুর ও কুড়িগ্রামে স্থানীয় সংসদ সদস্যের বরাদ্দের টিআর, কাবিটা ও কাবিখা নিয়ে চরম দুর্নীতি ও অনিয়মের বিষয়ে আমরা সম্পাদকীয় লিখি। এখন আমরা দেখতে পাচ্ছি, ফরিদপুরেও কোনো কাজ না করে বরাদ্দের টাকা তুলে নেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন ২০২১-২২ অর্থবছরে ৯৯ লাখ টাকা পেয়েছিলেন।

বরাদ্দের সেই টাকা একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের ৮৫টি প্রকল্পের বিপরীতে খরচ হয়েছে দেখিয়ে তুলে নেওয়া হয়েছে। অথচ অনেকগুলো প্রকল্পে কোনো কাজই হয়নি। প্রকল্পগুলোর প্রায় সব কটি বাস্তবায়নের দায়িত্বে ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। স্থানীয় প্রশাসন কাজগুলো বুঝে নেওয়ার দায়িত্বে থাকলেও চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সমাজের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা এসব প্রকল্পের সঙ্গে যুক্ত থাকার কথা থাকলেও, তাঁদের একপ্রকার বঞ্চিতই করা হয়েছে।

রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নে দুস্থ নারীদের নিয়ে ভিডব্লিউবির তালিকায় ঢুকে গেছেন বিত্তবানেরা। এই তালিকার সুবিধাভোগী হিসেবে প্রতি মাসে ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে ৩০ কেজি করে চাল পান। কিন্তু ইউনিয়নটিতে সেই চাল পাবেন একতলা পাকা বাড়ি, দোতলা ভবন, দোকানপাট ও আবাদি জমির মালিকেরা।

তালিকা যাচাই-বাছাই কমিটির সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ চন্দ্র দেবনাথ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। অন্যদিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ারখাতা গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের লোকজনকে না দিয়ে সচ্ছল ব্যক্তিদের বরাদ্দ দেওয়া হয়েছে। ইউপি ও উপজেলা প্রশাসনের লোকজন সবকিছু জেনেও সচ্ছল ব্যক্তিদের ঘর বরাদ্দ দিয়েছেন।

এমন সব অনিয়ম ও দুর্নীতির খবর আমরা কয় দিন পরপর পেয়ে থাকি। স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন এসবের সঙ্গে জড়িত থাকলেও, তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ফলে এমন অপকর্ম কোনোভাবেই বন্ধ হচ্ছে না। দিন শেষে জনগণের অর্থের অপচয় হচ্ছে। এখন ফরিদপুর সদর, তানোর ও উলিপুরে এসব অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি?