সর্বজনীন আনন্দ ছড়িয়ে পড়ুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলমানদের সবচেয়ে বড় দুই ধর্মীয় উৎসবের একটি পবিত্র ঈদুল আজহা আগামীকাল বৃহস্পতিবার। ইসলামে যে পাঁচটি অবশ্যপালনীয় বিধান আছে, তার মধ্যে অন্যতম হজ। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য হজ পালন করা ফরজ। আর হজের অন্যতম অনুষঙ্গ কোরবানি। প্রতিবছরের মতো এ বছরও লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর আরাফাত ময়দানে সমবেত হয়ে পবিত্র হজ পালন করছেন। অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করতে সৌদি আরব গেছেন।

প্রতিবছর হজযাত্রা নিয়ে নানা রকম সমস্যা হয়। কখনো ফ্লাইট বিড়ম্বনা, কখনো হজ এজেন্সির প্রতারণার কারণে অনেকে পুরো অর্থ পরিশোধ করেও হজ পালন করতে পারেন না। তবে এবার হজযাত্রা মোটামুটি নির্বিঘ্ন হয়েছে; যদিও এ বছর হজ ফ্লাইটের অস্বাভাবিক খরচ নিয়ে জনমনে অস্বস্তি ও ক্ষোভ রয়ে গেছে। আশা করা যায়, হজযাত্রীদের ফিরতি যাত্রাও নিরাপদ হবে।

ঈদ অর্থ আনন্দ। আর কোরবানি হলো ত্যাগ। আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম (আ.)-কে তাঁর প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দেন। এরপর হজরত ইব্রাহিম তাঁর প্রিয় পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন। এর মাধ্যমে তিনি আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করলেন। তখন আল্লাহর নির্দেশে ইসমাইলের বদলে সেখানে একটি দুম্বা কোরবানি হয়। হজরত ইব্রাহিম (আ.)-এর এই সুন্নত অনুসারে সেই কোরবানি পরবর্তীকালে মুসলিমদের জন্য ফরজ করে দেওয়া হয়। যাঁরা হজ পালন করছেন, শুধু তাঁরাই নন, প্রত্যেক সামর্থ্যবান মুসলমান কোরবানি দিয়ে থাকেন।

ঈদুল আজহা আমাদের জন্য নিয়ে আসে শান্তি, সৌহার্দ্য ও আনন্দের বার্তা। কোরবানির মধ্য দিয়ে মুসলমানরা ত্যাগ স্বীকার করেন, যাঁদের সামর্থ্য নেই, তাঁদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন। তাই কেবল আনুষ্ঠানিকতা নয়, ত্যাগের মহিমাকে ছড়িয়ে দিতে হবে সর্বত্র। ইসলামি বিধান অনুযায়ী, ঈদের দিন (আগামীকাল) ও তার পরবর্তী দুই দিন পশু কোরবানি দেওয়া যাবে।

কোরবানির পশুর রক্ত ও অন্যান্য বর্জ্যে যাতে পরিবেশ নষ্ট না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় সরকারের অধীন প্রতিষ্ঠানগুলো কাজ করে থাকে। তাদের নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীরা যাতে তাঁদের দায়িত্ব ঠিকমতো পালন করেন, সেটি নিশ্চিত করা দরকার। পাশাপাশি নাগরিক হিসেবে প্রত্যেকেরই এ বিষয়ে ভূমিকা রাখা জরুরি।

কোরবানি একটি ইবাদত এবং সেই ইবাদত পালন করতে গিয়ে জবাই করা পশুর বর্জ্যে পরিবেশ নষ্ট করা কাম্য হতে পারে না। ঈদের সময় যে পশু কোরবানি হয়, তার বর্জ্য দ্রুত ধুয়েমুছে ফেলতে হবে। চামড়াও বেশি সময় ফেলে রাখা যাবে না। স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই এগিয়ে আসবেন, এটাই প্রত্যাশিত। এই কোরবানিকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতিও চাঙা হয়। দিনটি সামনে রেখেই খামারিরা সারা বছর পশু পালন করেন, যাতে ভালো দাম পাওয়া যায়।

সারা দেশে যখন ঈদ উদ্‌যাপিত হচ্ছে, তখন দেশে অস্বাভাবিক মূল্যস্ফীতির কারণে দিনমজুরসহ অনানুষ্ঠানিক পেশায় থাকা মানুষ নাজুক অবস্থা পার করছেন। তাঁদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়াও আমাদের কর্তব্য।

ঈদের আনন্দ ও ত্যাগের মহিমা ছড়িয়ে পড়ুক সবার ঘরে।

আমাদের পাঠক, লেখক, গ্রাহক, হকার, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ী সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।