সড়ক যোগাযোগে চোখে পড়ার মতো উন্নয়ন হয়েছে। অনেক প্রকল্প, মেগা প্রকল্প এখনো চলমান। মহাসড়ক, উড়ালসড়ক, মেট্রোরেল, ওভারপাস, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) ইত্যাদি প্রকল্পে খরচ হচ্ছে হাজার হাজার কোটি টাকা।
মানুষের দুর্ভোগ ও ভোগান্তি কমাতেই এসব উন্নয়ন কর্মকাণ্ড। কিন্তু সেসব প্রকল্প অনেক ক্ষেত্রে হয়ে উঠছে মানুষের ‘গলার কাঁটা’। সময়মতো কাজ শেষ না হওয়ায় এসব প্রকল্প কতটা সুফল দেবে, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়। প্রকল্পের বরাদ্দও বাড়ে দফায় দফায়।
তখন যে সম্ভাব্যতা যাচাই করে এসব প্রকল্প নেওয়া হয়, সেই বাস্তবতাও পাল্টে যায়। তা ছাড়া নির্মাণকাজ চলাকালে বড়-ছোট দুর্ঘটনা তো ঘটতেই থাকে। রাজধানীতে বিআরটি প্রকল্পে পাঁচজন নিহতের ঘটনা এখনো মানুষ ভোলেনি।
জামালপুরে আমরা দেখতে পাচ্ছি, সেখানকার একটি রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প নিয়ে জনমনে অসন্তোষ তৈরি হয়েছে। তিন বছর চার মাস মেয়াদি প্রকল্প ছয় বছরেও শেষ হচ্ছে না। নির্মাণকাজের কারণে দুর্ভোগ বেড়ে যাওয়ায় চরমভাবে ক্ষুব্ধ শহরবাসী।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, জামালপুর শহরের যানজট কমাতে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধীনে ২০১৭ সালে এই ওভারপাস নির্মাণের কাজ শুরু হয়। এর মধ্যে চার দফায় এর মেয়াদ বাড়ানো হয়েছে। প্রকল্পটির ব্যয় ২১১ কোটি টাকা থেকে বেড়ে গিয়ে দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত মাত্র ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। সর্বশেষ মেয়াদ বাড়িয়ে আগামী বছরের জুন পর্যন্ত করা হয়েছে। এরপরও পুরো প্রকল্পটির বাস্তবায়ন নিয়ে সন্দিহান শহরের বাসিন্দারা।
প্রকল্পে অর্ধশতাধিক গার্ডার নির্মাণ করতেই বেশি সময়ক্ষেপণ করা হয়েছে। অন্যদিকে, দুই পাশে সড়কের কাজ এখনো শুরুই হয়নি। নির্মাণকাজ চলায় প্রধান সড়কে সারা দিন ভয়াবহ যানজট লেগে থাকে। সড়কের মধ্যেই ফেলে রাখা হয় নির্মাণসামগ্রী। বৃষ্টির মৌসুমে প্রধান সড়ক বড় বড় গর্ত আর কাদামাটিতে একাকার হয়ে দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়। ক্রেতারা ওই এলাকায় যেতে না চাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেখানকার দোকান ব্যবসায়ীরা। সময়মতো প্রকল্পটি শেষ করতে জামালপুরের নাগরিক সমাজ বহুবার সামাজিক আন্দোলন করে। তাঁদের এ ক্ষোভের বিষয়টি গুরুত্বই পায়নি।
এমন বেহাল প্রকল্পটি নিয়ে সওজ ও ঠিকাদারদের দুষছেন শহরবাসী। তাঁদের প্রশ্ন, একই সময়ের মধ্যে বড় বড় সেতু নির্মিত হলেও ৭৮০ মিটার ওভারপাসের নির্মাণকাজ শেষ কবে হবে?
আমরাও চাই, জামালপুরবাসীর এ দুর্ভোগের অবসান ঘটুক। দ্রুত প্রকল্পের পুরো কাজ শেষ করে ওভারপাসটি ব্যবহারের জন্য খুলে দেওয়া হোক। নির্মাণকাজ চলাকালে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা দূর করতেও স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।