চালু হতে আর কত দেরি

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ি এলাকার ছেলেমেয়েরা শিক্ষাদীক্ষায় পিছিয়ে থাকার বিষয়টি নতুন নয়। যেহেতু অনেক দুর্গম এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান নেই, সেসব এলাকা থেকে ছেলেমেয়েদের দূরবর্তী প্রতিষ্ঠানে পড়াশোনা করতে আসতে হয় বহু বাধা মাড়িয়ে। সে জন্য পাহাড়ি জাতিগোষ্ঠীর অনেক শিশু ঝরে পড়ে।

এমন পরিস্থিতিতে পার্বত্য তিন জেলার শহরগুলোতে সরকারিভাবে ছাত্রাবাস তৈরি করা হয়েছে, যাতে দুর্গম এলাকা থেকে আসা ছেলেমেয়েরা বিদ্যালয়ের কাছে ছাত্রাবাসে থেকে নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারে। দুঃখজনক হচ্ছে এসব ছাত্রাবাসের পাঁচটি দীর্ঘদিন ধরে চালুই করা হয়নি।

এক যুগ ধরে পড়ে থাকতে থাকতে সেগুলোর কোনো কোনোটি এখন পরিত্যক্ত হয়ে গেছে। অথচ সরকারি এসব ছাত্রাবাস থাকতে অনেক শিক্ষার্থীকে িবদ্যালয়ের পাশে বাসাভাড়া দিয়ে থাকতে হচ্ছে।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ২০১০ সালে খাগড়াছড়ির পানছড়ি, লক্ষ্মীছড়ি ও মানিকছড়িতে এবং রাঙামাটিতে কাউখালী ও লংগদু উপজেলায় একটি করে এ পাঁচ ছাত্রাবাস তৈরি করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। তিনতলাবিশিষ্ট প্রতিটি ছাত্রাবাস নির্মাণে প্রায় ২ কোটি টাকা করে মোট ১০ কোটি টাকা খরচ হয়েছে। সেখানে রয়েছে মিলনায়তন এবং রান্নার জন্য আলাদা ঘর। আসবাব, বিদ্যুৎ–সংযোগসহ সব ব্যবস্থাই করা হয়।

নৈশপ্রহরী, বাবুর্চি, ঝাড়ুদারসহ নানা ধরনের লোকবলও নিয়োগ দেওয়া হয়। কিন্তু ছাত্রাবাসগুলো চালানোর জন্য বিশেষ করে খাবারের বরাদ্দ না হওয়ায় ছাত্রাবাসগুলো আর চালু করা হয়নি। এখন ছাত্রাবাসগুলোর দরজা-জানালা, আসবাব প্রায় সব নষ্ট হয়ে গেছে। দেয়াল ও পিলারে বড় বড় ফাটল দেখা গেছে। কোনোটির একাংশ খালের ভাঙনে তলিয়ে গেছে। কোনোটির রান্নাঘর ভেঙে গেছে। কোনোটির সোলার সিস্টেম নষ্ট হয়ে গেছে।

খাগড়াছড়ি ও রাঙামাটির এসব এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৩০৩টি। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৬ হাজার। এর মধ্যে ১০ শতাংশ শিক্ষার্থী দুর্গম এলাকার বাসিন্দা। এসব ছাত্রাবাস চালু হলে বিদ্যালয়ের পাশেই অন্তত ৪৫০ জন শিক্ষার্থীর থাকার ব্যবস্থা হতো। এলজিইডি নির্মাণকাজ শেষে এই ভবনগুলো প্রাথমিক শিক্ষা কার্যালয়কে বুঝিয়ে দেয়। জেলা পরিষদ থেকে জনবল এবং খাবারের খরচপ্রাপ্তি সাপেক্ষে শিক্ষার্থী তোলার কথা ছিল।

কিন্তু সেটি তারা করতে ব্যর্থ হয়েছে।জনগণের টাকায় জনগণের জন্য করা এ প্রকল্প কি জনগণের কোনো কাজে আসবে না?প্রকল্পের পেছনে বরাদ্দ খরচ শেষ, ফলে প্রকল্পটি কতটা কাজে এল বা সুফল দিল, তা যেন গুরুত্বহীন হয়ে পড়ল।

দেশের উন্নয়ন কর্মকাণ্ডে এমন নেতিবাচক প্রবণতার বড় নজির বলা যায় পাহাড়ের এ ছাত্রাবাসগুলোকে। আমরা চাই ছাত্রাবাসগুলো সংস্কার করে দ্রুত চালু করা হোক। সংস্কারের নামে অহেতুক অর্থ খরচ ও সময়ক্ষেপণ কোনোভাবেই কাম্য নয়।