অবিলম্বে ভোগান্তি দূর করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুজিব বর্ষ উপলক্ষে গোটা দেশে লাখো ভূমিহীন ও আশ্রয়হীন মানুষকে জমিসহ ঘর করে দিয়েছে সরকার। তবে সেসব ঘর নির্মাণ করতে গিয়ে অনেক জায়গায় সম্ভাব্যতা যাচাই করা হয়নি। অনিয়মের বিষয়টি নিয়ে তো নানা সমালোচনার বিষয়টি আমরা জানি।

অনিয়মকারী কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। তবে সম্ভাব্যতা যাচাই না করার কারণে কিছু জায়গায় জটিলতা তৈরি হয়েছে। যেমন শেরপুরের নকলা উপজেলায় চলাচলের রাস্তা না থাকায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের দুর্ভোগ ও ভোগান্তির শিকার হতে হচ্ছে।

প্রথম আলোর প্রতিবেদন জানায়, নকলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা গ্রামের এ আশ্রয়ণ প্রকল্পে প্রায় ১ একর জমিতে ৩১টি পরিবারকে দুই কক্ষবিশিষ্ট আধা পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়। গত বছরের জুনে আনুষ্ঠানিকভাবে এসব ঘর হস্তান্তর করা হয়। বর্তমানে সেখানে এখন দেড় শতাধিক মানুষ বাস করে। প্রতিটি ঘরে বিদ্যুৎ, পানি, শৌচাগার ও রান্নাঘরের সুবিধা রয়েছে কিন্তু গুচ্ছগ্রাম থেকে মূল সড়কে যাওয়ার কোনো রাস্তা নেই।

ফলে সেখানকার বাসিন্দারা আশপাশের বাড়িঘরের উঠান ও ফসলি জমির ওপর দিয়ে যাতায়াত করছেন। এখন সেসব বাড়িঘর ও জমির মালিকেরা প্রায়ই তাঁদের চলাচলে বাধা দেন। এমনকি তাঁরা বাঁশ ও বেড়া দিয়ে গুচ্ছগ্রামের বাসিন্দাদের চলাচলে প্রতিবন্ধকতাও তৈরি করেছেন। তঁাদের দিক থেকেও বিষয়টি যৌক্তিক। কারণ, গুচ্ছগ্রামের বাসিন্দাদের চলাচলের কারণে তঁাদের নিরাপত্তার সমস্যা হচ্ছে, অনেকের কৃষিজমিও নষ্ট হচ্ছে।

গুচ্ছগ্রামের বাসিন্দাদের ভাষ্য, সরকার ঘর ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ায় তাঁরা খুব খুশি। কিন্তু চলাচলের রাস্তা না থাকায় তাঁরা ভোগান্তিতে পড়েছেন। অনেকটা জেলখানার মতো বন্দিজীবন কাটাচ্ছেন।

একজন জানাচ্ছেন, তিনি আচার বিক্রি করে সংসার চালান। কিন্তু রাস্তা না থাকায় ভ্যান নিয়ে বের হতে পারেন না। এখন আয়-রোজগার বন্ধ হয়ে তাঁর সংসার চালাতে কষ্ট হচ্ছে। ইতিমধ্যে গুচ্ছগ্রামের বাসিন্দারা মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানিয়েছেন।

এ ব্যাপারে ইউএনও বুলবুল আহমেদের বক্তব্য, আশ্রয়ণ প্রকল্পের সমস্যার বিষয়টি তিনি জেনেছেন। শিগগিরই ওই প্রকল্প এলাকা পরিদর্শন করে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। আমরা তাঁর এ বক্তব্যে আশ্বাস রাখতে চাই। আশা করি, গুচ্ছগ্রামটির বাসিন্দাদের দুর্ভোগ ও ভোগান্তি নিরসন করতে অবিলম্বে তিনি কোনো ব্যবস্থা নেবেন।