দেশে জীবন-জীবিকার কোনো ব্যবস্থা না থাকায় নারী কর্মীরা বিদেশে পাড়ি জমান। তাঁদের বেশির ভাগই গরিব, অনেকে সহায়-সম্বল বিক্রি করে সেখানে যান ভাগ্যান্বেষণের জন্য। কিন্তু অতীব বেদনার বিষয় হলো, বিদেশে গিয়ে তাঁরা নিষ্ঠুর নির্যাতন, হয়রানি ও বঞ্চনার শিকার হন।
বুধবার বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরামর্শসভায় উত্থাপিত প্রবন্ধ থেকে জানা যায়, ১৯৯১ সাল থেকে গত সেপ্টেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ থেকে ১১ লাখ ৭০ হাজার নারী কর্মী বিদেশে গেছেন। তাঁদের ৭৩ শতাংশের দেশে জীবনধারণের কোনো অবলম্বন নেই বলে বাধ্য হয়ে বিদেশে যান। তাঁদের মধ্যে গৃহকর্মী, কেয়ারগিভার, স্বাস্থ্যসেবিকা, তৈরি পোশাক খাত ও পরিচ্ছন্নতাকর্মীর সংখ্যাই বেশি।
পরিসংখ্যানে দেখা যায়, যৌন নির্যাতনের অভিযোগে ১৭ দশমিক ১ শতাংশ নারী গৃহকর্মীর কাজ ছেড়ে পালিয়ে গেছেন। যেসব নারী কর্মী দেশে ফিরেছেন, তাঁদের ৩৭ শতাংশের বেশি বেতন বকেয়া রেখে আসেন। আর ৪৭ শতাংশের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা থাকে না। প্রবাসী নারী কর্মীদের মধ্যে ৪৪ শতাংশ গেছেন সৌদি আরবে, যেখানে শারীরিক নির্যাতন ও যৌন নিগ্রহের অভিযোগ সবচেয়ে বেশি।
স্ট্রেনদেনড অ্যান্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস প্রকল্পের আওতায় যে প্রবাসী শ্রমিকদের কাছ থেকে ১ হাজার ৬৯৭টি অভিযোগ এসেছে, এর মধ্যে ৯০টি করেছেন নারী কর্মীরা, যার ১২টি যৌনসহ শারীরিক নির্যাতনের। অপর এক গবেষণায় ২০১৭ থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত দেশে আসা ৬৯১ নারী অভিবাসীর মৃত্যুর কারণ বিশ্লেষণ করা হয়েছে।
মৃত্যুসনদে মৃত্যুর কারণ অনুযায়ী ৬৯ শতাংশ শ্রমিকের স্বাভাবিক (বিভিন্ন রোগসহ) এবং ৩১ শতাংশ নারী শ্রমিকের অস্বাভাবিক (দুর্ঘটনা, আত্মহত্যা) মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে।
এখন এই দুর্ঘটনা কার দ্বারা ঘটল, কারা এ জন্য দায়ী, সেটি হয়তো মরদেহের ময়নাতদন্ত করলে জানা যেত। কিন্তু নিহত ব্যক্তিদের পরিবার সামাজিক কারণেই সেটি করতে আগ্রহী হন না। আবার আমাদের দূতাবাস বা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কেও এ বিষয়ে উদ্যোগী ভূমিকা নিতে দেখা যায় না। ফলে অনেক হত্যাকাণ্ডের ঘটনা দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়।
বিস্ময়কর যে নারী অভিবাসীর অধিকার সংরক্ষণে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ (সংশোধিত ২০২৩)-এ নারী কর্মীদের যৌন নির্যাতনসংক্রান্ত কোনো বিষয় আলাদা করে রাখা হয়নি। তাহলে কি নারী কর্মীরা যে আলাদাভাবে নিগ্রহের শিকার হতে পারেন, সেটাই আইনপ্রণেতাদের মাথায় আসেনি?
প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও সুযোগ–সুবিধার বিষয়টি দেখভালের দায়িত্ব দূতাবাসের। কিন্তু তারা সেটি যথাযথভাবে পালন করে বলে মনে হয় না। কারণ, দূতাবাস নিয়ে প্রবাসী কর্মীদের অভিযোগের শেষ নেই। অনেক সময় প্রবাসী কর্মীরা বাংলাদেশ দূতাবাসে গিয়ে অযথা হয়রানির শিকার হন বলে অভিযোগ আছে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের একজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়েছে। সেখানে অবস্থিত সেফহোমে আশ্রিত নারীরাও তাঁর হাত থেকে রেহাই পাননি। সেই কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়নি। এ অবস্থায় কে প্রতিকার চাইতে যাবেন?
দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতেই নারী কর্মীরা বিদেশে যান। সে ক্ষেত্রে সেখানে গিয়ে যদি কেউ নির্যাতন ও হয়রানির শিকার হন, তার জন্য স্বাগতিক দেশকে জবাবদিহি করতে হবে। বিদেশে নারী কর্মী নির্যাতনের প্রতিটি ঘটনার সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য তদন্ত হতে হবে। আমরা নারী কর্মীদের বিদেশে নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দিতে পারি না। ভবিষ্যতে একজন নারী কর্মীও যাতে বিদেশে গিয়ে নির্যাতনের শিকার না হন, তাঁরা ন্যায্য মজুরি পান, সে নিশ্চয়তা থাকতে হবে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কাছে আরও সক্রিয় ও সমন্বিত পদক্ষেপ আশা করি।