সরকারি অর্থে একটি ভবন নির্মাণ করা হলো, কিন্তু যে উদ্দেশ্যে সেটি নির্মাণ করা হয়েছিল, প্রায় সাত বছরেও তা পূরণ হয়নি। নারায়ণগঞ্জের চানমারীতে ৭ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত তিনতলা ভবনটি পড়ে আছে, অথচ নারায়ণগঞ্জ সড়ক সার্কেলের কার্যক্রম চলছে ঢাকার এলেনবাড়ীতে অবস্থিত ঢাকা সড়ক জোন ভবন থেকে। সরকারি অর্থ ব্যয়ের এমন পরিণতি শুধু প্রশাসনিক অদক্ষতার উদাহরণ নয়; এটি সরকারি প্রকল্পের উদ্দেশ্য ও বাস্তব ফলাফলের মধ্যে গভীর অসংগতিও প্রকাশ করে।
২০১৭-১৮ অর্থবছরে ভবনটির নির্মাণকাজের কার্যাদেশ দেওয়া হয় এবং ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করে। অর্থাৎ প্রায় সাত বছর আগে নির্মাণ শেষ হলেও এখনো বলা হচ্ছে, কিছু ডেকোরেশন ও ইন্টেরিয়রের কাজ চলছে। প্রশ্ন হলো, ৭ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ভবন ব্যবহার উপযোগী করতে এত দীর্ঘ সময় লাগার কারণ কী? যদি সত্যিই সামান্য কিছু কাজ বাকি থাকে, তবে তা এত দিনেও শেষ হলো না কেন?
নারায়ণগঞ্জ সড়ক সার্কেল গঠনের উদ্দেশ্য ছিল নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদীর সড়ক বিভাগের কার্যক্রম গতিশীল করা। অথচ সার্কেল কার্যালয় ঢাকায় থাকায় এই তিন জেলার সেবাপ্রত্যাশীদের এখনো সার্কেল পর্যায়ের কাজে রাজধানীতে ছুটতে হচ্ছে। অর্থাৎ প্রশাসনিক বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, বাস্তবে তার সুফল থেকে জনগণ বঞ্চিত হচ্ছেন। কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ঢাকায় রাখার সুবিধার বিপরীতে তিন জেলার বহু মানুষকে সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে—এটি কোনোভাবেই জনবান্ধব প্রশাসনের বৈশিষ্ট্য হতে পারে না।
এ ক্ষেত্রে ভৌগোলিক যুক্তিও স্পষ্ট। সার্কেলটির আওতায় প্রায় ৮৫০ কিলোমিটার সড়ক রয়েছে, যার বড় অংশ রাজধানীর বাইরে পূর্ব ও পূর্ব-দক্ষিণাঞ্চলে। ফলে মাঠপর্যায়ের সড়ক তদারকি ও প্রশাসনিক সমন্বয়ের জন্য নারায়ণগঞ্জই অধিকতর কার্যকর অবস্থান। সেই বিবেচনাতেই যখন ভবন নির্মাণ করা হয়েছে, তখন কার্যালয় ঢাকায় রেখে দেওয়ার যুক্তি কী?
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সরকারি অর্থের জবাবদিহি নিয়ে। ৭ কোটি ২৪ লাখ টাকা খরচ করে নির্মিত অবকাঠামো অব্যবহৃত পড়ে থাকা অর্থের অপচয় ছাড়া আর কিছু নয়। এর সঙ্গে রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যয় এবং ভবনের দীর্ঘমেয়াদি অবমূল্যায়নের ঝুঁকিও যুক্ত হচ্ছে। একই সঙ্গে জনগণের ভোগান্তি অব্যাহত থাকছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই বিলম্ব কার স্বার্থ পূরণ করছে? জনগণের নয়, সরকারেরও নয়—তাহলে দায় কার?
এখন কোনো অজুহাত বা অনির্দিষ্ট প্রতিশ্রুতি নয়—চানমারীর ভবনে নারায়ণগঞ্জ সড়ক সার্কেল কার্যালয় দ্রুত স্থানান্তর করা জরুরি। বাকি কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করার পাশাপাশি প্রায় সাত বছর ভবনটি কেন ব্যবহার করা হয়নি, সেই প্রশাসনিক ব্যর্থতারও জবাবদিহি নিশ্চিত করা দরকার।