ট্রমা সেন্টারগুলো কেন চালু করা হচ্ছে না

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি রীতিমতো মহামারি রূপ নিয়েছে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা গেলে প্রাণহানি অনেকাংশে রোধ করা সম্ভব। এ লক্ষ্যে মহাসড়কগুলোতে ট্রমা সেন্টার করার প্রশংসনীয় একটি উদ্যোগ নেয় সরকার। তবে সেসব ট্রমা সেন্টার কতটা কার্যকর ভূমিকা রাখছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে চট্টগ্রাম জেলার তিনটি ট্রমা সেন্টার কোনো কাজেই আসছে না। কোটি কোটি টাকা খরচ করে নির্মিত এসব প্রতিষ্ঠান পড়ে আছে বছরের পর বছর। রাষ্ট্রীয় সম্পদ তো অপচয় হচ্ছেই, জনগণও বঞ্চিত হচ্ছে এ থেকে। এটি কোনোভাবেই কাম্য ছিল না।

চট্টগ্রামের কক্সবাজার ও হাটহাজারী সড়কে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে চলেছে। দুর্ঘটনায় হতাহতদের বিভাগীয় হাসপাতালেই নিয়ে আসতে হয় বেশির ভাগ সময়। এ দুই সড়ক থেকে জেলা বা বিভাগীয় হাসপাতালে যেতে কয়েক ঘণ্টা সময় লাগে। একই পরিস্থিতি তৈরি হয় জেলার রাউজান সড়কে কোনো দুর্ঘটনা ঘটলেও। অথচ এ তিন সড়ককে কেন্দ্র করে গড়ে তোলা হয় তিনটি ট্রমা সেন্টার। এর মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে লোহাগড়ায় নির্মিত ট্রমা সেন্টারের বয়স পার হয়ে গেছে ১০ বছর। বাকি দুটি নির্মিত হয়েছে গত কয়েক বছরে। কিন্তু কোনোটিই এখন পর্যন্ত চালু করা যায়নি।

এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে ফেনীর মহিপালে একটি ট্রমা সেন্টার চালু করা হয় ২০০৭ সালে। সেটিও পুরোপুরি সেবা দিতে পারছে না। ২০ শয্যাবিশিষ্ট চারটি ট্রমা সেন্টার তৈরি করতে স্বাস্থ্য অধিদপ্তরের ব্যয় হয়েছে ৩০ কোটি টাকা।

এই চারটি ট্রমা সেন্টারের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের অন্তত সাতটি জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী ও নোয়াখালী) মানুষকে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব। ট্রমা সেন্টারগুলো চালু থাকলে অনেক মানুষকে হয়তো সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করতে হতো না, অনেককে পঙ্গুও হতে হতো না। হতাহত এসব মানুষের পরিবারও ভুক্তভোগী হচ্ছে। কারণ, সড়কে প্রাণ হারানো বা ভুক্তভোগীদের অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

মূলত জনবল ও যন্ত্রপাতির অভাবে ট্রমা সেন্টারগুলো চালু করা সম্ভব হচ্ছে না। পড়ে থাকতে থাকতে ভবনগুলোও নষ্ট হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে জনবল ও যন্ত্রপাতির জন্য আবেদন করেও সাড়া মেলেনি। আবার ফেনী ট্রমা সেন্টারে কিছু যন্ত্রপাতি থাকলেও সেগুলো বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হচ্ছে।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন মানে কি কিছু ভবন তৈরি করে জনগণের অর্থ খরচ করা? আমরা এর জবাবদিহি চাই। এ সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি বৃদ্ধিতে স্বাস্থ্য অধিদপ্তরও কি অনেকাংশে দায়ী নয়? শিগগিরই যথাযথ পদক্ষেপ নিয়ে ট্রমা সেন্টারগুলো পুরোপুরি চালু করা হোক।