অদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যা ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত মানুষের জীবন রক্ষায় বরাদ্দ দেওয়া ১ কোটি ৮০ লাখ টাকার দুটি আধুনিক রেসকিউ বোট সাড়ে চার বছর ধরে অব্যবহৃত পড়ে আছে—এ দৃশ্য কেবল প্রশাসনিক ব্যর্থতার নয়, রাষ্ট্রীয় সম্পদের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার উদাহরণও। শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নে পুরোনো ব্রহ্মপুত্র ও দশানী নদীর মোহনায় পড়ে থাকা ‘গজনী-১’ ও ‘গজনী-২’ নামের বোট দুটি আজ মরিচা ধরে এবং যন্ত্রাংশ চুরি হয়ে নষ্ট হওয়ার পথে।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের এপ্রিলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক প্রকল্পের আওতায় প্রতিটি ৮০ জন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন বোট দুটি শেরপুরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। অথচ দীর্ঘ সময়েও সেগুলো উদ্ধারকাজে নামানো যায়নি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের বক্তব্যে যে চিত্র উঠে এসেছে, তা আরও উদ্বেগজনক। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর জ্বালানি তেল ও রক্ষণাবেক্ষণের বরাদ্দ রাখা হয়নি; এমনকি নিয়োগ পাওয়া দুই চালক দেড় বছরের মধ্যে মাত্র পাঁচ মাসের বেতন পেয়ে বাকি ১৩ মাসের বকেয়া না পাওয়ায় ২০২৩ সালের অক্টোবরে কাজ ছাড়তে বাধ্য হন।

চালকের বেতন বকেয়া রাখা ও জ্বালানির সংস্থান না করে কোটি টাকার নৌযান কিনে ফেলে রাখার মধ্যে একধরনের পরিকল্পনাহীনতা স্পষ্ট। যেখানে প্রতি বর্ষায় কামারের চরসহ শেরপুরের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়ে, সেখানে জরুরি উদ্ধারকারী বোটগুলোর এমন অচলাবস্থা স্থানীয় মানুষের ক্ষোভ ও হতাশাকেই বাড়িয়ে তুলছে। বোটগুলো সংস্কার ও সচল করার জন্য মন্ত্রণালয়ে আবেদন পাঠানোর কথা বলা হলেও দীর্ঘদিনের অযত্নে যন্ত্রাংশ নষ্ট ও চুরি হয়ে যাওয়ায় সেগুলো আবার আগের অবস্থায় ফেরাতে বাড়তি খরচ ও সময়ের প্রয়োজন হবে।

প্রশ্ন হলো, প্রকল্প বাস্তবায়নের সময়ই কেন দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ, জ্বালানি ও জনবলকাঠামোর টেকসই সমাধান নিশ্চিত করা হয় না? কেবল অবকাঠামো বা যানবাহন কিনে দিয়ে দায় সারলে জনস্বার্থ পূরণ হয় না; বরং সেগুলোর যথাযথ ব্যবহার ও তদারকির মাধ্যমেই প্রকৃত সুফল মেলে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের উচিত দ্রুত বোট দুটির বর্তমান ক্ষয়ক্ষতি নিরূপণ করা, বকেয়া পাওনা পরিশোধ ও প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা এবং মেরামত শেষে সেগুলো কার্যকর উদ্ধারকাজে যুক্ত করা। রাষ্ট্রীয় অর্থের এমন অপচয় বন্ধে জবাবদিহি নিশ্চিত করা এখন সময়ের দাবি।