আইন ভঙ্গ করলে শাস্তির আওতায় আনা হোক

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চালু হয়েছে মেট্রোরেল। এর মধ্য দিয়ে বাংলাদেশ মেট্রোরেল যুগেও প্রবেশ করল। শুরুতে আংশিকভাবে চালু হলেও মেট্রোরেল নিয়ে মানুষের উচ্ছ্বাসের শেষ নেই।

গত ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অনেক টাকা খরচ করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মেট্রোরেল গড়ে তোলা হয়েছে। তাই যাঁরা ব্যবহার করবেন, তাঁরা একটু সচেতন হবেন। এর মান নিশ্চিত রাখা, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন।’

কিন্তু মেট্রোরেল চালুর কয়েক দিন যেতে না যেতেই আমরা দেখি, সেটির পিলারগুলো পোস্টারে ভরে গেছে। বিষয়টি খুবই দুঃখজনক।

মেট্রোরেল একটি গণপরিবহন, সেই সঙ্গে একটি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাও। সেটির সৌন্দর্য রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যাদের সবচেয়ে বেশি সচেতন থাকার কথা, মানে রাজনৈতিক দলগুলো, তারাই সেখানে সৌন্দর্যহানি করতে নেমে গেছে।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের পোস্টারে ছেয়ে গেছে মেট্রোরেলের পিলারগুলো। এ ছাড়া বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পিলারে লাগানো হয়েছে পোস্টার। এ ছাড়া বিভিন্ন কোচিং সেন্টার, বাড়িভাড়া, হোস্টেল ভাড়া, ধর্মীয় সম্মেলনেরও পোস্টার দেখা গেছে। বিষয়টি সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। এ নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনাও করেছেন।

মেট্রোরেল কর্তৃপক্ষ একটি সতর্কবার্তা লিখে দিয়েছে—মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানো দণ্ডনীয় অপরাধ। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনও (ডিএনসিসি) সংবাদপত্রে গণবিজ্ঞপ্তি দিয়ে দেয়াললিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন–২০১২ অনুসরণের জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে অবৈধভাবে যত্রতত্র পোস্টার লাগানো থেকে বিরত থাকতে জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য সাইফুদ্দিন মিলনকে নোটিশ দিয়েছে ডিএনসিসি।

মেট্রোরেলেও তাঁর ছবি ও নামে পোস্টার লাগানো হয়। আরও যেসব রাজনৈতিক নেতার পোস্টার লাগানো হয়েছে, তাঁদেরও এমন নোটিশ দেওয়া হোক। এ ছাড়া নিয়মিত অভিযান চালিয়ে আইন প্রয়োগ করা হোক।

সৌন্দর্য ও শৃঙ্খলার দিকে রাজধানী শহর হিসেবে ঢাকা অনেক পিছিয়ে। নানাবিধ দূষণের কারণে এ শহর রীতিমতো বসবাসের অযোগ্য হওয়ার দশা। এর জন্য নানা আইন থাকলেও সেগুলোর প্রয়োগ হয় না।

ব্যবস্থাপনাগত ঘাটতি তো আছেই। সবচেয়ে বড় অভাব সদিচ্ছার। আমরা চাই মেট্রোরেলসহ অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো মনোযোগী হবে। নিজেরা যেমন দায়িত্ব পালন করবে, নগরবাসীকেও সচেতন করে তুলবে।