বিদ্যালয় সাজুক শিশুর স্বপ্নের মতো

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের প্রাথমিক বিদ্যালয়গুলো শুধু কংক্রিটের ভবন হবে না, সেটি হবে একটি আনন্দভুবন। যদিও আমাদের দেশে দেখা যায় উল্টো চিত্র। তবে সেই বাস্তবতাকে পাল্টে দেওয়ার সুযোগ এসেছে বিদ্যালয়গুলো নিয়ে সরকারের পরিকল্পনার একটি বরাদ্দ। আর সেখানে যুক্ত হয়েছেন মোহাম্মদ আবদুল হালিম নামের একজন অপ্রাতিষ্ঠানিক শিল্পী। তাঁর তুলির ছোঁয়ায় দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো হয়ে উঠছে স্বপ্নের জগৎ।

শিশুর কল্পনাজগৎ বিস্তৃত করার মধ্য দিয়ে তার উৎকর্ষের বিকাশ ঘটে। সেই কল্পনাজগৎ তৈরিতে পরিবারের বাইরে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে বিদ্যালয়। শিশু যদি বিদ্যালয়ে গিয়ে দেখতে পায় দেয়ালে দেয়ালে প্রজাপতি ডানা মেলে আছে, মেঘের ফাঁক দিয়ে সূর্য উঁকি দিচ্ছে, পাখি উড়ে যাচ্ছে; তখন সে শিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হয়ে উঠবে। একই সঙ্গে মহাকাশ, প্রাণিজগতের ছবি তার কল্পনার জগৎকেও বিস্তৃত করবে। প্রায় ৪০ বছর বয়সী আবদুল হালিম আসলে তাঁর চিত্রকর্ম দিয়ে এভাবেই বিদ্যালয়গুলোকে সাজিয়ে তুলছেন।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, অল্প বয়সে মা-বাবা দুজনকেই হারান জামালপুরের বাসিন্দা হালিম। আর্থিক অনটনসহ নানা কারণে পড়াশোনা হয়ে ওঠেনি তাঁর। চারুকলা থেকে প্রাতিষ্ঠানিকভাবে চিত্রকলা শেখারও সুযোগ পাননি তিনি। আরেক অপ্রাতিষ্ঠানিক শিল্পীর কাছেই তাঁর হাতেখড়ি। আঁকাআঁকি শেখার পর তিনি এটাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। তাঁর আঁকাআঁকি ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখান থেকে একের পর এক স্কুলে ডাক পাচ্ছেন তিনি। প্রাথমিক বিদ্যালয়গুলোকে রঙিন করে তুলতে নোয়াখালী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইলসহ দেশের এক জেলা থেকে আরেক জেলায় ছুটে বেড়ান তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান (স্লিপ) বা বিদ্যালয় পর্যায়ে একটি উন্নয়ন পরিকল্পনা আছে। এর আওতায় বিভিন্ন স্কুল শিক্ষাসহায়ক পরিবেশ তৈরি, শিখন শেখানো কার্যাবলির জন্য পাঠসংশ্লিষ্ট উপকরণ তৈরি, বিদ্যালয় ভবনের সংস্কার ও সাজসজ্জা খাতে বরাদ্দ পাচ্ছে। সেই বরাদ্দকে যথাযথভাবে কাজে লাগাতেই স্কুলের প্রধান শিক্ষকেরা দ্বারস্থ হচ্ছেন আবদুল হালিমের। দর-কষাকষি করেই স্কুল থেকে পারিশ্রমিক নেন তিনি। সহকারীদের পারিশ্রমিক দেওয়ার পর যা থাকে, তা দিয়ে সংসার চালান তিনি। সঞ্চয়ের কোনো সুযোগ পান না।

শিক্ষকদের বক্তব্য, হালিমের আঁকার বিষয়গুলো শিক্ষণীয় ও পাঠ্যপুস্তকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্কুলের বাচ্চারাও তাঁর আঁকা খুব পছন্দ করে। এমনকি কোনো স্কুল থেকে একাধিকবারও ডাক পেয়েছেন আঁকার জন্য। ফলে হালিম তাঁর এ কাজ নিয়ে বেশ গর্বিত। শিশুদের নিয়ে কাজ করতে তিনি নিজেও আনন্দ পান। চারুকলার শিক্ষকেরাও হালিমের এ কাজের প্রশংসা করেছেন। তাঁর মাধ্যমে চিত্রকলার প্রতি শিশুদের আগ্রহ তৈরি হবে। এটি খুবই আশাব্যঞ্জক। প্রাথমিক বিদ্যালয়গুলোকে শিশুদের আনন্দভুবন করে তোলায় আবদুল হালিমের প্রতি আমাদের সাধুবাদ রইল।