বিভাগেও ভিসেরা–ডিএনএ পরীক্ষা হোক

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুন, ধর্ষণ, অপমৃত্যুর মামলার ক্ষেত্রে ময়নাতদন্ত, ডিএনএ ও ভিসেরা পরীক্ষার প্রতিবেদনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তের পাশাপাশি এগুলোর মাধ্যমে মৃত্যুর কারণ, অপরাধী শনাক্তকরণসহ প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের চেষ্টা করে।

সম্প্রতি প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ময়নাতদন্ত, ডিএনএ এবং ভিসেরা প্রতিবেদন না পাওয়ায় গাজীপুর মহানগরের আটটি থানায় গত ১০ মাসে আটকে আছে ৩৮৩টি মামলা। এ কারণে এগোচ্ছে না খুন, অপমৃত্যু, ধর্ষণসহ বিভিন্ন মামলার তদন্তকাজ। মামলাসংশ্লিষ্ট প্রতিবেদনগুলো সময়মতো না পাওয়ায় অনেককে বিনা কারণে হাজতবাস করতে হচ্ছে। আবার অনেকে দোষী হয়েও ছাড়া পেয়ে যাচ্ছেন।

নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে না পারায় মামলার বাদী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আদালতের কাছে তদন্ত কর্মকর্তারা অনেক সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। মামলার তদন্ত কর্মকর্তারা ইচ্ছা করেই কাজ করছেন না অথবা সময়ক্ষেপণ করছেন বলেও অভিযোগ ওঠে। কিন্তু খুন, ধর্ষণ, অপমৃত্যুর মামলায় অনেক ক্ষেত্রেই ডিএনএ, ভিসেরা বা ময়নাতদন্ত ছাড়া অভিযোগপত্র বা মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া সম্ভব নয়।

প্রতিবেদনটিতে শুধু গাজীপুর মহানগরের তথ্য-উপাত্ত দেওয়া হয়েছে। একই কারণে দেশের সর্বত্রই মামলার তদন্ত শেষ হতে দেরি হচ্ছে বলে ধারণা করা যায়। বাস্তবতা হলো দেশে ভিসেরা পরীক্ষার একটিমাত্র ল্যাব আছে এবং সেখানে পরীক্ষার জন্য দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়। এ ছাড়া ডিএনএ পরীক্ষার জন্যও বেশ সময় ব্যয় হয়। এসব প্রতিবেদনের জন্য অনেক সময় ময়নাতদন্তের প্রতিবেদনও আটকে থাকে।

খুন, ধর্ষণ ও অপমৃত্যুর মামলায় বিচারপ্রার্থীরা চান দ্রুত তদন্ত শেষ হয়ে বিচার শুরু হোক। ময়নাতদন্ত, ভিসেরা বা ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পেতে বিলম্বের কারণে বিচার শুরু না হওয়াটা দুঃখজনক। ময়নাতদন্ত, ডিএনএ ও ভিসেরা পরীক্ষার প্রতিবেদন সময়মতো পাওয়া না গেলে স্বাভাবিকভাবেই মামলার গতি ধীর হয়ে যায় এবং বিচারপ্রার্থীদের ভুগতে হয়। 

দেশের আদালতগুলোতে নানা কারণে ব্যাপক মামলাজট লেগে আছে। ময়নাতদন্ত, ডিএনএ ও ভিসেরা পরীক্ষার প্রতিবেদন পেতে দেরি হলে মামলার তদন্ত শেষ হতে দেরি হবে এবং এই জট আরও বাড়বে। এ রকম অবস্থায় অন্তত দেশের বিভাগীয় শহরগুলোতে ভিসেরা ও ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা প্রয়োজন। বিচারের দীর্ঘসূত্রতা কোনো অবস্থাতেই কাম্য নয়। আমরা আশা করি, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।