শীতকালে অভিভাবকদের সতর্কতা জরুরি

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতকালে ঘরে ঘরে গরম পানির ব্যবহার বেড়ে যায়। ফলে গরম পানি নিয়ে নানা দুর্ঘটনায় দগ্ধ হওয়ার ঘটনাও এ সময় বেড়ে যায়। তবে শিশুদের দগ্ধ হওয়ার বিষয়টি সবচেয়ে গুরুতর। হাসপাতালগুলোতে দগ্ধ হওয়া শিশু রোগীদের নিয়ে অভিভাবকদের ভিড় বাড়তে থাকে। এবারও এমন চিত্র দেখা যাচ্ছে। গত জুন মাসের তুলনায় অক্টোবর ও নভেম্বর মাসে দগ্ধ হওয়া শিশু রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। বিষয়টি বেশ উদ্বেগজনক।

হাসপাতালের জরুরি বিভাগের তথ্য বিশ্লেষণ করে প্রথম আলোর এক প্রতিবেদন জানাচ্ছে, এ বছরের জুন মাসে মোট যতসংখ্যক পোড়া রোগী চিকিৎসা নিয়েছিলেন, তার প্রায় কাছাকাছি সংখ্যক রোগী অক্টোবরে শুধু গরম পানিতে দগ্ধ হয়ে চিকিৎসা নিয়েছেন। সেখানে শিশু রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। 

শীতকালে শীতের প্রকোপ থেকে বাঁচতে বা একটু উষ্ণতার জন্য মানুষ গরম পানির ব্যবহার বাড়িয়ে দেয়। এ সময় ঘরবাড়িতে গরম পানির ডেকচি বা পাত্র নিয়ে চলাচল হয়ে থাকে বেশি। অসতর্কতাবশত দুর্ঘটনাও ঘটে। গরম পানির পাত্র হাত ফসকে গিয়ে যে কারও গায়ের ওপর পড়তে পারে। এ ক্ষেত্রে বয়স্ক ও শিশুদের বেশি শিকার হওয়ার সুযোগ থাকে। তা ছাড়া গরম পানির পাত্র বা বালতিতে হাত ডুবিয়ে দেওয়া, ভেতরে পড়ে যাওয়াসহ নানাভাবেই শিশুরা দুর্ঘটনার শিকার হতে পারে। শীতকালে গ্রামগঞ্জে শুকনা পাতা বা কাঠে আগুন ধরিয়ে ওম পোহায় মানুষ। সে ক্ষেত্রেও বয়স্ক ও শিশুদের দগ্ধ হওয়ার আশঙ্কা থাকে। 

শিশুদের দগ্ধ হওয়া ঠেকাতে সবচেয়ে বেশি জরুরি অভিভাবকদের সচেতনতা। এর কোনো বিকল্প নেই। তবে হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর আহমেদ প্রথম আলোর প্রতিবেদনে আরও কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, গোলাকৃতির হাঁড়ির চেয়ে চ্যাপটা ধরনের হাঁড়ি ব্যবহার করা তুলনামূলক নিরাপদ। কারণ, গোলাকৃতির হাঁড়ি একটু ধাক্কায় সহজে উল্টে যায়। আর চুলা থেকে নামিয়ে গরম হাঁড়ি কখনো মেঝেতে না রেখে উঁচু স্থানে শিশুদের নাগালের বাইরে রাখা দরকার। গরম পানির হাঁড়ি বাথরুমের দিকে বহন না করে বালতি রান্নাঘরে এনে তাতে গরম পানি ঢালা উচিত। এতে ঝুঁকি কমে। গ্রামে মাটির চুলায় রান্নার পর জ্বলন্ত কাঠ নিভিয়ে ফেলা, শীতকালে পাতা পুড়িয়ে আগুন পোহানো থেকে শিশুদের দূরে রাখা, এ সময় নতুন ধান সেদ্ধ ও তুষের আগুন থেকে শিশুদের দূরে রাখা প্রয়োজন।

শীতকালে পোড়া রোগীর কষ্ট অসহনীয়। বয়স্ক ও শিশুরা ভুক্তভোগী হয়ও বেশি। ফলে আমাদের সবার সতর্কতা জরুরি। বয়স্কদের প্রতি খেয়াল রাখতে হবে। শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের বেশি সচেতন থাকতে হবে।