বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের দায়মুক্তি দিয়ে যে প্রবিধান চূড়ান্ত করেছে, তা কেবল প্রশ্নবিদ্ধ নয়, সংবিধানেরও পরিপন্থী।
এতে বলা হয়েছে, মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের সরল বিশ্বাসে (গুড ফেইথ) করা কোনো কাজের জন্য কেউ ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দাবি করে মামলা করা যাবে না। বিটিআরসি সম্প্রতি ‘রেগুলেশন ফর ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, ২০২১’ শীর্ষক প্রবিধানের চূড়ান্ত খসড়া হাইকোর্টে জমা দিয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব।
এতে দায়মুক্তি নামে নতুন একটি ধারা যুক্ত করা হয়েছে, যার মূল কথা হলো এই প্রবিধানের অধীনে কোনো আদেশ বা নির্দেশনার বাস্তবায়নে সরল বিশ্বাসে করা কোনো কাজের জন্য কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে তিনি মন্ত্রী বা সরকারের কোনো কর্মচারী, বিটিআরসির চেয়ারম্যান বা কমিশনের অন্য কোনো কর্মকর্তা, কর্মচারী বা পরামর্শকের বিরুদ্ধে কোনো ক্ষতিপূরণ মামলা করতে পারবেন না।
এই খসড়া প্রবিধানে উদ্দেশ্য পূরণের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের দায়মুক্তি দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানে দেশের মানুষের সমতা ও আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বলা হয়েছে। জাতিসংঘের মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের ১০ অনুচ্ছেদ এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তির ১৪ অনুচ্ছেদে উপযুক্ত আদালতে ন্যায়বিচার লাভের অধিকারের কথা বলা হয়েছে।
প্রবিধানে বর্ণিত ‘সরল বিশ্বাস’ কথাটি মোটেই সরল নয়। আদালত নির্ধারণ করবেন, কে দোষী কে নির্দোষ। কিন্তু আইনবলে কাউকে আগাম দায়মুক্তির কোনো সুযোগ নেই। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরল বিশ্বাসের ওপর চলে না, চলে আইনের ভিত্তিতে। সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে যদি সরল বিশ্বাসকে আমলে নেওয়া হয়, অন্যরা একই দাবি করতে পারবেন না কেন?
আইনের চোখে সব নাগরিকই সমান। বিটিআরসির প্রবিধান মেনে নিলে কোনো ব্যক্তির কাজে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হলে তাঁরাও একই যুক্তি হাজির করবেন। সে ক্ষেত্রে কোনো অপরাধ সংঘটনের দায়ে কারও বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে না।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, দেশের সর্বোচ্চ আইন সংবিধানের প্রতি আস্থা থাকলে কেউ আইন করে এ ধরনের সুবিধা নিতে পারে না।
আর নিলেও সেটি আদালতে টিকবে না। সরকারি কর্মচারী আইনে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার আগে গ্রেপ্তারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার যে বিধান আছে, তা আদালতে চ্যালেঞ্জ হয়েছে। এই আইনও বাতিল হবে বলে আশা করছেন এই আইনজীবী।
আইনের চোখে সবাই সমান এবং সবার বিচার পাওয়ার যে অধিকার রয়েছে, তার ব্যত্যয় ঘটলে আইনটিই কার্যকারিতা হারাবে। আশা করি, বিটিআরসি চূড়ান্ত প্রবিধান সংশোধন করে দায়মুক্তির সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে। বিটিআরসির প্রবিধানের আগের খসড়ায় নিষিদ্ধ বার্তার উৎস বা ফার্স্ট অরিজিনেটরকে শনাক্ত করে দেওয়ার বাধ্যবাধকতা ছিল।
এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তি ওঠায় সর্বশেষ খসড়ায় বিটিআরসি ধারাটি বাদ দিয়েছে। আমরা তাদের এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। কিন্তু মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের দায়মুক্তি দেওয়ার প্রস্তাব কোনোভাবে গ্রহণযোগ্য নয়।