একসময় সুজলা সুফলা শস্য শ্যামলা যে বাংলা-প্রকৃতির কথা বলা হয়, সেখানে নদ-নদীর অবদান ছিল গুরুত্বপূর্ণ। এখন সেই নদ-নদীও নেই, হারিয়ে যেতে বসেছে সেই শ্যামল ও প্রশান্তির প্রকৃতিও। গোটা দেশের চিত্রই এমন, তবে বিশেষ করে বলতে গেলে যশোরের ওপর দিয়ে বয়ে যাওয়া ১৫টি নদ-নদী ভালো নেই। সব কটিই দখল ও দূষণে বিপর্যস্ত।
আরও দুঃখজনক হচ্ছে, কোনো কোনো নদীর ওপর তৈরি করা হয়েছে অপরিকল্পিত সেতু ও কালভার্ট। শুধু সড়ক উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া সরকারি প্রতিষ্ঠানগুলো নদী ও একে জনজীবনের স্বার্থের কথা একবারের জন্যও ভেবে দেখেনি। ফলে একটি জেলায় এতগুলো নদী, যার একটিও এখন সুস্থ নেই।
মৃতপ্রায় এসব নদ-নদীকে বাঁচাতে নানা সময় খননসহ নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কিন্তু সেসব খুব একটা কাজে আসেনি। নদীগুলো বাঁচিয়ে তোলার জন্য এখন সামাজিক আন্দোলন গড়ে তোলা ছাড়া কোনো উপায় নেই।
নদীগুলোকে স্বরূপে ফিরিয়ে আনতে দখলমুক্ত করার কোনো বিকল্প নেই। সেই তাগিদ থেকে ২০২০ সালের ৩০ জুলাই অবৈধ দখলদারদের তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে জাতীয় নদী রক্ষা কমিশন। এ তালিকায় জেলার ৬৭৩ জন অবৈধ দখলদারের নাম ছিল।
যদিও পরিবেশবিদদের মতে, প্রকৃত দখলদারের সংখ্যা আরও কয়েক গুণ। তবে গত বছর ওই তালিকা ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়। দখলদারদের তালিকা সরিয়ে ফেলা নিয়ে নানা বিতর্ক তৈরি হতে আমরা দেখি। তবে এতে দখলদারেরা উপকৃত হয়েছেনই বলা যায়। নির্বিঘ্নে তাঁরা দখলবাজি করে যেতে পারছেন এবং দখলকৃত জায়গার ওপরে স্থাপনা, দলীয় কার্যালয়, পুকুর, ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছেন নিশ্চিন্তে।
যশোরের নদীগুলোকে নিঃশেষ করে দিচ্ছে অপরিকল্পিতভাবে নির্মিত হওয়া সেতু। বিআইডব্লিউটিএর প্রতিবেদন অনুযায়ী, কপোতাক্ষ নদের ওপর নির্মাণ করা হয়েছে ছোট-বড় ২১টি সেতু। সেখানে ২০টি সেতুর উচ্চতাই কম। সেতুর সংযোগ সড়ক নির্মাণ করেও নদটিকে সংকুচিত করে ফেলা হয়েছে। কপোতাক্ষ নদের পানিপ্রবাহে গতি এনে প্রাণ ফিরিয়ে দিতে নদটি খনন করছে পাউবো। কিন্তু সংকুচিত নদে খননের সুফল নিয়ে সংশয় দেখা দিয়েছে।
একই পরিস্থিতি ভৈরব নদের ক্ষেত্রেও। সেটির ওপরে নির্মিত নাতিদীর্ঘ ৫১টি সেতু ও কালভার্ট অপসারণ করে নদের প্রশস্ততা অনুযায়ী পুনর্নির্মাণের জন্য নির্মাণকারী ছয়টি দপ্তরকে চিঠি দিয়েছে পাউবো যশোর কার্যালয়।
কিন্তু বিষয়টি যে চিঠি আদান-প্রদানের মধ্য দিয়ে সমাধান হবে না, তা বলার অপেক্ষা রাখে না। আমলাতান্ত্রিক জটিলতা থেকে বের হয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে এখানে।
ভৈরব নদকে দখলমুক্ত করতে জেলা প্রশাসকের পদক্ষেপে আমরা আশান্বিত হই। অন্যান্য নদ-নদীকেও দখলমুক্ত করার আশ্বাস দিয়েছেন তিনি। আমরা তাঁর কথায় আস্থা রাখতে চাই।