চলন্ত ট্রেনে আগুন দিয়ে নারী, শিশুসহ চারজন মানুষকে হত্যা করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যাঁরা এই ধরনের জঘন্য কাজ করেছেন, তাঁদের ধিক্কার জানাই।
মঙ্গলবার ভোরে নেত্রকোনা থেকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর স্টেশনে থামতেই নাশকতাকারী ব্যক্তিরা আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে চারজনের মৃত্যু ছাড়াও বেশ কয়েকজন আহত হন এবং ট্রেনের তিনটি বগি পুড়ে যায়।
প্রশ্ন হলো, ট্রেনে নাশকতার এই ঘটনা কীভাবে ঘটল? কর্তৃপক্ষ কি আগে থেকে সতর্ক ছিল? কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল? এসব প্রশ্নের উত্তর জানা নেই। আরও উদ্বেগের বিষয় হলো, আগুন লাগার ১৫ মিনিট পর চালক জানতে পেরে ট্রেন থামিয়ে দেন। সঙ্গে সঙ্গে তাঁকে জানালে হয়তো চারটি প্রাণ রক্ষা করা যেত।
নিয়ম অনুযায়ী, প্রতিটি ট্রেনে একজন পরিচালক ও প্রতিটি বগিতে একজন সুপারভাইজার থাকেন। কিন্তু আগুন লাগা বগিতে দায়িত্ব পালনরত সুপারভাইজারের কাছে নাকি চালকের ফোন নম্বর ছিল না। এই দায়িত্বহীনতার জবাব কী? রেলমন্ত্রী গত কয়েক দিনে রেলে কতগুলো অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটেছে, তার হিসাব দিয়েছেন।
একের পর এক আগুনের ঘটনা ঘটার পরও কেন ট্রেনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হলো না, সেই প্রশ্নের জবাব কিন্তু রেলমন্ত্রী দেননি। হাসপাতালে আহত একজন বলেছেন, নিরাপত্তাকর্মীদের পোশাক পরা কয়েকজন ব্যক্তি বগিতে এসে নেমে যাওয়ার পরই আগুনের ঘটনা ঘটে। তঁাদের হাতে অগ্নিনির্বাপণযন্ত্র ছিল। তদন্তের স্বার্থে নিরাপত্তাকর্মীদের পোশাক পরা লোকগুলোর প্রকৃত পরিচয়ও জানা দরকার।
অন্যান্য ক্ষেত্রে যেমনটি ঘটে থাকে, এই ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। তদন্তের আগেই নাশকতাকারী ব্যক্তিদের স্বরূপ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে বাক্যুদ্ধ শুরু হয়েছে। রেলমন্ত্রী নূরুল ইসলামসহ সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা নাশকতার জন্য হরতাল-অবরোধ আহ্বানকারী বিরোধী দলকে দায়ী করেছেন। অন্যদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার নাশকতা করে হরতাল-অবরোধকারীদের ওপর দোষ চাপাচ্ছে।
আমাদের স্পষ্ট কথা হলো, সরকার ও বিরোধী দলের পারস্পরিক দোষারোপের মধ্যে প্রকৃত সত্যকে আড়াল করা যাবে না। অপরাধীরা যাতে কোনোভাবে পার না পান, সেটা নিশ্চিত করতে হবে। যাঁরা ট্রেন-বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেন, যাঁরা সম্পদ ধ্বংস করেন, তাঁরা দেশ ও জনগণের শত্রু। মানবতার শত্রু। কোনো পক্ষেরই উচিত হবে না রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে কিংবা নিজের উদ্দেশ্য হাসিল করতে এ ধরনের অপরাধীদের আশকারা দেওয়া।
জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। যেকোনো ঘটনায় তথ্যপ্রমাণ ছাড়াই রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করা অসুস্থ রাজনীতিরই পরিচয়। আবার সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোকেও আন্দোলন ও নাশকতামূলক কর্মকাণ্ডের পার্থক্য বুঝতে হবে। দাবিদাওয়া আদায়ে তারা যে হরতাল অবরোধের কর্মসূচি পালন করছে, সেসব ঘিরে যাতে কেউ নাশকতা বা অন্তর্ঘাতমূলক কাজ না করতে পারে, সে বিষয়েও তাদের সর্বোচ্চ সজাগ থাকতে হবে।
সরকার ও রাজনীতি—দুটিই মানুষের কল্যাণের জন্য। আর নাশকতা করে মানুষ হত্যা ও সম্পদ ধ্বংস হলো জঘন্য অপরাধ। যারা এসব অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনতেই হবে। বিরোধী দলের পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। আমরা মনে করি, যেভাবেই তদন্ত হোক, এ ক্ষেত্রে যেটি প্রয়োজন তা হলো নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত। সরকারকে তা নিশ্চিত করতে হবে।