অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দীর্ঘদিন পর দেশের ফুটবল নিয়ে জোয়ার তৈরি করেছিলেন নারী ফুটবলাররা। ঢাকার রাজপথে রাজসিক শুভেচ্ছাও পেয়েছিলেন তাঁরা। সে সময় এ আলোচনাও তৈরি হয়েছিল, একজন নারী ফুটবলার তৈরি হতে কতটা অর্থনৈতিক, সামাজিক ও পারিবারিক বাধা পেরোতে হয়।

বাল্যবিবাহের শিকার হওয়া প্রতিশ্রুতিশীল নারী ফুটবলারের হারিয়ে যাওয়ার কান্নাও কোনোভাবে ভোলার নয়। দুঃখজনক হচ্ছে, শিরোপাধারী দলের ফুটবলার ও কোচের ছেড়ে যাওয়াও আমাদের দেখতে হয়েছে।

এরই ধারাবাহিকতায় এটাও বলতে হচ্ছে, তৃণমূল পর্যায়ে নারী ফুটবলারদের উঠে আসার বিষয়টি আজও বড় বাধার মুখে। যে কারণে খুলনার বটিয়াঘাটায় চার নারী ফুটবলারকে মারধর ও লাঞ্ছনার শিকার হতে হলো। বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, পরিবারের অনিচ্ছা সত্ত্বেও ফুটবল খেলা চালিয়ে যাচ্ছিলেন বিভাগীয় অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলার সাদিয়া নাসরিন। পরিবারের চোখ এড়িয়েই স্থানীয় এক ফুটবল একাডেমিতে অনুশীলন করতেন তিনি। এ নিয়ে স্থানীয় অনেকের কাছে তাঁকে লাঞ্ছনার শিকার হতে হয়।

অনুশীলনের সময় তাঁর ছবি তুলে তা পরিবারকে দেখিয়ে আজেবাজে মন্তব্য করেন নূপুর খাতুন নামের এক নারী। একপর্যায়ে সাদিয়াকে মারধরও করা হয়। এ ঘটনার প্রতিবাদে মা-বাবা, একাডেমির কোচ মুস্তাকুজ্জামান ও অন্যান্য খেলোয়াড়কে নিয়ে নূপুরের বাড়িতে যান সাদিয়া। নূপুরের পরিবার ও আত্মীয়স্বজন তাঁদের ওপর হামলা চালান। এতে সাদিয়াসহ আরও তিন ফুটবলার আহত হন। মাথায় রডের আঘাত পান মঙ্গলী বাগচী নামের আরেক নারী ফুটবলার। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সাদিয়াদের এ ঘটনায় একটি মামলা হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে। নূপুর খাতুনসহ অন্য আসামিরা পলাতক। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হোক। এ ঘটনায় দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে, সেটিই আমরা দেখতে চাই।

স্থানীয় তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েক বছর ধরে বঙ্গমাতা গোল্ডকাপে বারবার জেলা চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়েও খুব ভালো ফল করেন। কিন্তু উপযুক্ত প্রশিক্ষণ ও অন্যান্য সুবিধা ঠিকমতো না পাওয়ায় অনেকেই পরে ঝরে যান।

নানা প্রতিবন্ধকতার মধ্যেও সেখানকার কিছু পৃষ্ঠপোষক নারী ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন। গড়ে তোলা হয়েছে ফুটবল একাডেমিও। তবে স্থানীয় অনেকেই মেয়েদের এ ফুটবল খেলাকে পছন্দ করছেন না। এমন মানসিকতা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনে স্থানীয় প্রশাসনের অবশ্যই করণীয় আছে।

আশা করছি, বটিয়াঘাটায় নারী ফুটবল কার্যক্রমকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাই এগিয়ে আসবে। একদিন এখান থেকেই হয়তো নতুন করে উঠে আসতে পারে শামসুন্নাহার, তহুরা খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমাদের পরবর্তী প্রজন্ম।