ফরিদপুরে বাসমালিকদের দৌরাত্ম্য থামান

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু চালু হওয়ার কারণে দক্ষিণবঙ্গের মানুষের জীবনভর দুর্ভোগ ও ভোগান্তির অবসান ঘটেছে। অল্প সময়ে সড়কপথে রাজধানীর সঙ্গে যোগাযোগ সম্ভব হয়েছে। নাগরিকদের পরিবহনসেবা দিতে এগিয়ে এসেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। ঢাকা থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা পর্যন্ত বিআরটিসির বাস চলাচল শুরু হয়েছে।

কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাস মালিক সমিতি বা গ্রুপ। এর আগে আমরা দেখেছি শরীয়তপুরে বিআরটিসির বাস আটকে রেখেছিল তারা। এবার ফরিদপুরের বোয়ালমারী থেকে ঢাকা রুটে উদ্বোধনের পর প্রথম ট্রিপেই বিআরটিসির বাস থামিয়ে যাত্রীদের মাঝপথে নামিয়ে দেওয়া হয়েছে। বাসটি বোয়ালমারী ফিরে যেতে বাধ্য হয়।

গত বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার পৌর কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। বাসচালক, চালকের সহকারী ও যাত্রীদের ভাষ্য, ফরিদপুর বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের নেতৃত্বে এক থেকে দেড় শ লোক মহাসড়কের ওপর দাঁড়িয়ে বাসটি থামিয়ে দেন। চালক ও সহকারীকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করেন তাঁরা। তাঁদের হুমকি দেওয়া হয়, এ লাইনে বাস চালালে হাত-পা কেটে নেওয়া হবে। যাত্রীদের সঙ্গেও দুর্ব্যবহার করেন তাঁরা।

এ বিষয়ে আনিসুর রহমান বলেন, কোনো ধরনের আলোচনা ছাড়াই বোয়ালমারী থেকে বিআরটিসির বাসটি চলাচল শুরু করেছে। এ কারণে ভাঙ্গা থেকে যাত্রীদের নামিয়ে ওই বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি প্রশাসনও জানে।

প্রথম আলোতে এ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর কয়েকজন পাঠক এমন প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘সরকারি বাস চালাতে তাদের কাছে অনুমতি নিতে হবে! আহা কী চমৎকার সিস্টেম!’, ‘মালিক সমিতি একটা আতঙ্কের নাম। এরা কি রাষ্ট্রের চেয়েও শক্তিশালী!’, ‘বাস-ট্রাক মালিক-শ্রমিকদের মাস্তানির কাছে খোদ সরকারই জিম্মি। সেখানে বিআরটিসি আর কী?’

বিআরটিসি কর্তৃপক্ষের বক্তব্য, এভাবে বিআরটিসির বাস বন্ধ করার কারও কোনো এখতিয়ার নেই। পরিবহনসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। ওই রুটে বিআরটিসির বাস চলাচল বন্ধ করা ঠিক হয়নি। কিন্তু গতকাল পর্যন্ত স্থানীয় প্রশাসনের কাছে তারা কোনো অভিযোগ জানায়নি। এতে কি বিআরটিসি নিজেদের দুর্বলতা স্বীকার করে নিচ্ছে?

জেলা পুলিশ সুপার বলেন, বিআরটিসি অভিযোগ না করলেও তাদের বাস চলাচলে কেউ বাধা দিতে পারবে না। যারা বাধা দেবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সবার আগে আমরা দেখতে চাই, তিনি আনিসুর রহমানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেন।কারণ, রাস্তা অবরোধ করে বাস থামিয়ে যাত্রীদের জোরপূর্বক নামিয়ে দেওয়া ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে। বাসমালিকদের একচেটিয়া প্রভাব ও স্বেচ্ছাচারী অবস্থানকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করে যাত্রীবান্ধব পরিবহনব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হোক।