ইসরায়েলকে ঠেকানোর দায়িত্ব বিশ্ব সম্প্রদায়ের

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েল যে গাজার হাসপাতালে বোমা হামলা চালিয়ে পাঁচ শতাধিক নিরীহ ও নিরপরাধ মানুষকে হত্যা করেছে, তা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। গত মঙ্গলবার রাতে মধ্য গাজার আল আহলি আরব হাসপাতালে এ হামলার  ঘটনা ঘটে। এর আগে ইসরায়েলি হামলায় আহত শত শত রোগী ও গৃহহীন বাসিন্দা ‘নিরাপদ’ ভেবে সেখানে আশ্রয় নিয়েছিলেন।

৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে স্বাধীনতাকামী ফিলিস্তিনি সংগঠন হামাসের মিসাইল হামলা ও অভিযানের পর তেল আবিব গাজায় সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেয়। এরপর ইসরায়েল গাজায় নির্বিচার বিমান হামলা চালানোর পাশাপাশি স্থল অভিযানের প্রস্তুতি নিতে থাকে। ইসরায়েলি বিমান হামলায় কয়েক হাজার ফিলিস্তিনি নিহত ও অসংখ্য আহত হয়েছে।

ইসরায়েল সেখানে বিদ্যুৎ, জ্বালানি ও পানি সরবরাহ বন্ধ করে দেওয়ায় ঘটে মানবিক বিপর্যয়। ইসরায়েলি বাহিনীর বোমা হামলার হাত থেকে রক্ষা পেতে যখন ফিলিস্তিনি নারী-পুরুষ ও শিশু নিরাপদ আশ্রয়ের সন্ধান করছিল, তখনই হাসপাতালে বোমা হামলা চালিয়ে পাঁচ শতাধিক মানুষকে হত্যা করা হলো।

ইসরায়েল বলছে, তারা ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু ইসরায়েলি বাহিনী গাজায় হামাসের ঘাঁটি নির্মূলের নামে নিরীহ নারী, পুরুষ ও শিশুদের হত্যা করে চলেছে। যুদ্ধের নীতি হলো বেসামরিক নাগরিক, বিশেষ করে নারী ও শিশুদের আক্রমণের লক্ষ্যবস্তু না করা। চিকিৎসাসেবায় নিয়োজিত ব্যক্তি ও স্বেচ্ছাসেবীদের সুরক্ষা দেওয়া। অথচ ইসরায়েলের বোমার শিকার হচ্ছে হাসপাতাল এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীরাও।

হাসপাতালে ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে। জাতিসংঘের মহাসচিবসহ বিশ্বনেতারা হামলার নিন্দা করেছেন। আরব দেশগুলো ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তিকামী মানুষ ও মানবাধিকার সংগঠনগুলো বিক্ষোভ করেছে; যদিও কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ-প্রতিবাদ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

ইসরায়েলের এই নজিরবিহীন নৃশংসতার পেছনে যে পশ্চিমা শক্তিধর দেশগুলোর প্ররোচনা ও সমর্থন আছে, সেটা স্পষ্ট। ফিলিস্তিনি ভূখণ্ড দখল ও বছরের পর বছর সেখানে হামলা চালানোর পরও পশ্চিমা বিশ্ব নীরব থেকেছে। অথচ ইসরায়েলের ভেতরে হামাসের অভিযানের পর যুক্তরাষ্ট্রসহ প্রায় সব পশ্চিমা দেশ সোচ্চার হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর পর দেশটির প্রেসিডেন্ট ইসরায়েলে গেছেন অভয় দিতে। দ্রুততম সময়ে মার্কিন রণতরি পাঠানো হয়েছে। অথচ গাজায় এত বড় মানবিক বিপর্যয়ের পরও তারা খাদ্য ও ওষুধ পাঠানোর প্রয়োজন বোধ করেনি।

হাসপাতালে নজিরবিহীন বোমা হামলার পর মধ্যপ্রাচ্যের সেই দেশগুলোও প্রতিবাদী হয়ে উঠেছে, যারা এত দিন আক্রমণকারী ও আক্রান্তের মধ্যে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইরান ও সিরিয়া ইসরায়েলের হুমকির জবাবে পাল্টা হুমকি দিয়েছে।

মধ্যপ্রাচ্য সংকটের মূলে যে ইসরায়েলি দখলদারি, পশ্চিমা দেশগুলোকে সেটা ভুলে গেলে চলবে না। হামাস ইসরায়েলের ভেতরে অভিযান চালালে তারা বিচলিত হয়। কিন্তু ইসরায়েল যে অর্ধশত বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনি ভূখণ্ড অন্যায়ভাবে দখল করে আছে, সে সম্পর্কে কিছু বলে না। তাদের এই দ্বিমুখী নীতি থেকে বেরিয়ে আসতে হবে। ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের বিষয়টি স্বীকার করলে একই সঙ্গে এটাও মানতে হবে যে ফিলিস্তিনিদেরও অধিকার আছে তাদের মাতৃভূমি উদ্ধার করে স্বাধীন রাষ্ট্র গঠনের।

জাতিসংঘ ও পশ্চিমা বিশ্বের কাছে আহ্বান থাকবে, গাজায় মানবিক বিপর্যয় রোধে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। সেখানে খাদ্য, পানি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করুন। ইসরায়েলকে মানবতাবিরোধী অপরাধ থেকে বিরত রাখুন।