সরকারি পর্যায়ে চিকিৎসার সুযোগ বাড়াতে হবে

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রতি ঘণ্টায় ২১ জন নতুন ক্যানসার রোগী শনাক্তের বিপরীতে ১৬ জনের মৃত্যুর পরিসংখ্যানই বলে দেয়, ক্যানসার আক্রান্তদের জীবনের কাছে কতটা অসহায় আত্মসমর্পণ করতে হয়। সম্প্রতি প্রথম আলোয় প্রকাশিত ‘মধ্যরাত থেকে ক্যানসার রোগীদের লাইন, নিশ্চয়তা নেই চিকিৎসার’ শীর্ষক প্রতিবেদনে দেশে ক্যানসার চিকিৎসার অসংগঠিত ও ত্রুটিপূর্ণ চিত্র বিস্তারিতভাবে উঠে এসেছে। ক্যানসার শনাক্ত থেকে চিকিৎসা প্রাপ্তির সুযোগের ঘাটতি এবং উচ্চ ব্যয়—সব মিলিয়ে এই রোগে আক্রান্ত পরিবারগুলো সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়ছে।

দেশে প্রতিবছর কতজন নতুন করে ক্যানসারে আক্রান্ত হচ্ছেন, এর সঠিক কোনো পরিসংখ্যান নেই। তবে ক্যানসারবিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিভুক্ত সংস্থা গ্লোবোক্যানের ২০২৪ সালের প্রতিবেদন বলছে, বাংলাদেশে প্রতিবছর ১ লাখ ৮৭ হাজার মানুষ ক্যানসারে আক্রান্ত হন, মারা যান ১ লাখ ৩৮ হাজার জন। ক্যানসারে আক্রান্তদের মৃত্যুহার এত বেশি হওয়ার মূল কারণই হলো দেশে ক্যানসার যাচাই এবং দ্রুত রোগ শনাক্তের ব্যবস্থার স্বল্পতা। প্রশিক্ষিত জনবলের যেমন ঘাটতি আছে, আবার প্রয়োজনের তুলনায় ক্যানসার চিকিৎসাকেন্দ্রও অনেক কম। অথচ প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত হলে যেমন রোগীদের সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, আবার চিকিৎসা ব্যয়ও অনেকটাই কমে যায়।

দেশে ক্যানসার আক্রান্তের সংখ্যা বাড়ছে কিন্তু সেই তুলনায় চিকিৎসা অবকাঠামো গড়ে ওঠেনি। এর মূল ভুক্তভোগী হতে হচ্ছে গরিব ও প্রান্তিক জনগোষ্ঠীকে। দেশে যেখানে ২০০-২৫০টি রেডিওথেরাপি যন্ত্র দরকার, সেখানে আছে মাত্র ৩১টি। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের গবেষক আবদুর রাজ্জাক ও তাঁর সহকর্মীদের এক গবেষণা থেকে জানা যাচ্ছে, ক্যানসার চিকিৎসা করাতে গিয়ে ৯০ শতাংশ পরিবার আর্থিক বিপর্যয়ে পড়ে। এই বাস্তবতায় ক্যানসার চিকিৎসায় ধনীদের জন্য বিদেশ, মধ্যবিত্তদের জন্য দেশের বেসরকারি হাসপাতাল ও গরিবদের জন্য জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল—এ রকম ব্যবস্থা যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে।

দেশে গত দেড় দশকে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণ ও কেনাকাটায় বিপুল ব্যয় হয়েছে। বিভিন্ন সময়ে প্রথম আলোসহ সংবাদমাধ্যমের খবরে উঠে এসেছে, এর অনেক প্রকল্পই ছিল অপ্রয়োজনীয়। অথচ ক্যানসারের মতো ব্যয়বহুল চিকিৎসায় সরকারি পর্যায়ে গুরুত্ব দেওয়া হয়নি বললেই চলে। দেশে ক্যানসার চিকিৎসার সবচেয়ে বড় ও দরিদ্র রোগীদের শেষ ভরসার জায়গা জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের দিকে তাকালে সেটা স্পষ্টভাবে চোখে পড়ে। ক্যানসারের চিকিৎসা পাওয়ার অধিকার সবার থাকলেও এই হাসপাতাল কর্তৃপক্ষকে রোগী বাছাইয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয়, কার বাঁচার সম্ভাবনা বেশি আছে। এমনটাও দেখা যাচ্ছে, যে রোগীর রেডিওথেরাপি লাগবে সাত থেকে পনেরো দিনের মধ্যে, তাঁর সময় দেওয়া হচ্ছে এক-দুই বছর পর। এর অর্থ হচ্ছে ক্যানসারে আক্রান্ত অনেক রোগীই আংশিক চিকিৎসা পাচ্ছেন এবং ধুঁকে ধুঁকে মারা যাচ্ছেন।

বাস্তবতা হলো বিশেষায়িত এই হাসপাতালের বেশ কিছু যন্ত্র মেয়াদোত্তীর্ণ ও অকেজো হয়ে গেছে। হাসপাতালটিকে ৭০০ শয্যায় উত্তীর্ণ করা হলেও ৩০০ শয্যার হাসপাতাল পরিচালনার মতো লোকবল রয়েছে। সারা দেশে ক্যানসার চিকিৎসার অবকাঠামো ও সুযোগ প্রায় না থাকায় সব রোগী ঢাকামুখী হচ্ছেন।

আমরা মনে করি, দেশে যে অসংগঠিত ও ত্রুটিপূর্ণ ব্যবস্থায় ক্যানসার চিকিৎসা চলছে, তাতে করে এই রোগে আক্রান্তদের একটি বড় অংশই চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে পুরো ব্যবস্থাপনায় খোলনলচে পাল্টে ফেলার সময় এসেছে। ঢাকাকেন্দ্রিকতা থেকে বের হয়ে এসে দীর্ঘ মেয়াদে সরকারি বিনিয়োগে প্রতিটি বিভাগীয় পর্যায়ে পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসাকেন্দ্র গড়ে তোলা প্রয়োজন। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল নিয়োগ দিয়ে দ্রুত জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালকে সত্যিকার অর্থে ৭০০ শয্যার হাসপাতালে উত্তীর্ণ করা দরকার। একই সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ হাসপাতালগুলোতে পর্যাপ্তসংখ্যক রেডিওথেরাপি যন্ত্র স্থাপন করতে হবে।