অর্থনৈতিক সমস্যার দিকে নজর দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনমত জরিপে দেশের সঠিক চিত্র উঠে আসবে, এটা জোর দিয়ে বলা যায় না। কোনো জরিপই শতভাগ শুদ্ধ নয়। তবে জরিপ থেকে উত্তরদাতা তথা জনগণের চিন্তা ও মনের কথা অনেকটাই আঁচ করা যায়। তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের নীতি–পরিকল্পনা গ্রহণ, এর কার্যকারিতা ও ফলাফল সম্পর্কে সম্যক ধারণা পেয়ে থাকে।

ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) দ্বিতীয় পালস সার্ভেতে যেসব তথ্য বেরিয়ে এসেছে, তা সরকারের নীতিনির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করি। তাদের জরিপের শিরোনাম ছিল ‘অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ: মানুষ কী ভাবছে’। এটা বিআইজিডির দ্বিতীয় জরিপ। প্রথম জরিপ হয়েছিল আগস্টে। এই জরিপে  নির্বাচন, নতুন দল, অন্তর্বর্তী সরকারের দক্ষতা, নারীর সুরক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি বিষয়ে জানতে চাওয়া হলেও বেশি গুরুত্ব পেয়েছে অর্থনীতি।

জরিপের অন্যতম প্রশ্ন ছিল, এই মুহূর্তে দেশের প্রধান সমস্যা কী। উত্তরে ৬৭ শতাংশ মানুষ অর্থনৈতিক সমস্যার (দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক বা ব্যবসায়িক মন্দা) কথা বলেছেন। ৯ শতাংশ রাজনৈতিক অস্থিরতা ও অসহিষ্ণুতার কথা বলেছেন। আইনশৃঙ্খলার অবনতির কথা বলেছেন ৪ শতাংশ মানুষ। ৩ শতাংশ গণতন্ত্রের অভাব আর ২ শতাংশ নিরাপত্তার অভাবের কথা বলেছেন।

 জরিপের ফলাফল থেকে আমরা বুঝতে পারি, মানুষ নিত্যপণ্যের দাম নিয়ে যতটা চিন্তিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ততটা নয়। বাজারের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সরকার অর্থনৈতিক স্বস্তি দিতে ও আইনশৃঙ্খলার উন্নতি ঘটাতে না পারলে জনগণ ধৈর্য হারিয়ে ফেলবে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ পণ্যের দাম বাড়ার জন্য চাঁদাবাজিকে দায়ী করেছেন। চাঁদাবাজি বা মজুতদারি—যে কারণেই নিত্যপণ্যের দাম বাড়ুক না কেন, এর বিরুদ্ধে সরকারকেই ব্যবস্থা নিতে হবে। 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বিকল্প কৃষিবাজার চালু করার কথা বলেছেন। কিন্তু তা কীভাবে ও কত
দিনে হবে, সেটাও প্রশ্ন বটে। বিকল্প বাজার না হওয়া পর্যন্ত সরকার টিসিবির মাধ্যমে সাশ্রয়ী দামে ভোগ্যপণ্য সরবরাহ বাড়ালে মানুষ কিছুটা স্বস্তি পেতে পারে।  

গত এক মাসের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় দেশ ঠিক পথে, নাকি ভুল পথে যাচ্ছে—এমন প্রশ্নের জবাবে ৪৩ শতাংশ মানুষ বলেছেন, দেশ ঠিক পথে যাচ্ছে। ভুল পথে যাচ্ছে বলে মনে করেন ৫২ শতাংশ মানুষ। গত আগস্টে এ ক্ষেত্রে বিআইজিডির জরিপে ৬০ শতাংশ মানুষ বলেছিলেন, দেশ ঠিক পথে যাচ্ছে, ভুল পথে যাচ্ছে বলেছিলেন ২৭ শতাংশ। এর অর্থ সরকারের প্রতি মানুষের আস্থা কমছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে কিংবা নিত্যপণ্যের দাম না কমলে মানুষ আরও হতাশ হয়ে পড়বে। 

বিআইজিডির জরিপ এখন প্রকাশ করা হলেও নেওয়া হয়েছে সেপ্টেম্বরে। গত দুই মাসে নিত্যপণ্যের দাম আরও বেড়েছে। 

সরকার সংবিধান, নির্বাচন কমিশন, দুদক ইদ্যাদি সংস্কারে যেসব কমিশন গঠন করেছে, তার প্রতি সর্বস্তরের মানুষের সমর্থন আছে। কিন্তু তাদের মনে রাখতে হবে, বাজার নিয়ন্ত্রণে না আনতে পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। ছাত্র–জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এই সরকারের বড় শক্তি জনগণের সমর্থন। সেটাই যদি নড়বড়ে হয়ে পড়ে, তখন তাদের নৈতিক অবস্থানও দুর্বল হয়ে পড়বে।