এমন স্কুল ভবন নির্মাণের জন্য দায়ী কে

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে প্রকল্পের জন্য বরাদ্দ পাস, পরামর্শক নিয়োগ ও ঠিকাদার নির্বাচনের দিকে অধিক মনোযোগ দিতে আমরা দেখি। কিন্তু সম্ভাব্যতা যাচাই, নির্ভুল নকশা প্রণয়ন ও টেকসই ভবন নির্মাণ সে তুলনায় পিছিয়েই থাকে।

সে কারণে প্রকল্প শেষ হতে না হতেই অনেক ভবনের নির্মাণ নিয়ে প্রশ্ন ওঠে। ব্যবহার শুরুর আগেই সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। যেমনটি আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় একটি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ক্ষেত্রে। উদ্বোধনের আগে ফাটল দেখা যাওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা এখন আতঙ্কে ভুগছেন।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ২০১৮ সালে উপজেলার রানাহিজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়। তত্ত্বাবধানে ছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। নির্মাণকাজ যথাসময়ে শেষ করতে হবে—এমন নিয়ম ও পরিকল্পনা কাগজে-কলমে থাকলেও বাস্তবে তা দুর্লভ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সে জন্য বিদ্যালয় ভবনের এক বছর মেয়াদের নির্মাণকাজ শেষ করতে প্রায় পাঁচ বছর লাগিয়ে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। দু-তিন মাস আগে কাজ শেষ হয়েছে, এখনো উদ্বোধন হয়নি। এরই মধ্যে রেলিং ভেঙে গেছে।

ভবনের সামনের অংশে বড় বড় ফাটল দেখা দিয়েছে। পিলারেও সৃষ্টি হয়েছে ফাটল। যেকোনো সময় তা ভেঙে পড়তে পারে। এমন পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ফলে নতুন ভবন পেয়েও পুরোনো ভবনেই ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের।

‘মেসার্স রাজিব এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণের কাজ পায়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক শাহ আলম মাহবুব বিদ্যালয়ের জমিদাতা ও সাবেক এক সভাপতির আত্মীয় হওয়ায় নিম্নমানের কাজ করলেও তাঁকে কেউ বাধা দেওয়ার সাহস পায়নি। এখন ঠিকাদার শাহ আলম মাহবুবের বক্তব্য, ভবনের নকশার পরিকল্পনায় ভুল ছিল।

এলজিইডির উপজেলা প্রকৌশলীও একই বক্তব্য দিলেন। তাঁর দাবি, আগের প্রকৌশলীরা ওই ভুলটা করে গেছেন। কথা হচ্ছে, নকশা প্রণয়ন ও অনুমোদনের সময় কেন তা ধরা পড়ল না? এভাবে ভবন নির্মাণ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কেন তামাশা করা হলো?

এলজিইডির উপজেলা প্রকৌশলী আরও বলছেন, ঠিকাদারের কাজে তেমন গাফিলতি নেই। তাহলে এক বছরের কাজ শেষ করতে কেন পাঁচ বছর লাগল? নির্মাণকাজে কোথাও কোথাও রড ও কংক্রিট ব্যবহৃত হয়নি বলেও তিনি স্বীকার করছেন। এ-ও বলছেন, স্কুলের বরাদ্দ থেকে ফাটলগুলো মেরামত করার ব্যবস্থা করা যেতে পারে। এভাবে কি ভবনটি ঝুঁকিমুক্ত করা সম্ভব?

ভুল নকশা ও অনিয়মের জন্য গোটা নির্মাণকাজের সঙ্গে যুক্ত সবাইকে জবাবদিহির আওতায় আনা হোক। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও ব্যবস্থা কেন নেওয়া হবে না, সেটি আমরা জানতে চাই।