ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিন

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মতো আর কোনো দেশে মনে হয় নদী বা খালের ওপর এমন ‘নিপীড়ন’ চালানো হয় না। আদালত যেহেতু নদীকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করেছেন, ফলে এখানে নিপীড়ন বলাটাই যুক্তিযুক্ত। এ দেশে ক্ষমতাচর্চা আর স্বেচ্ছাচারিতার বড় নমুনাই যেন নদী বা খাল দখল।

সেটি হোক সরকারি প্রকল্পে বা সরকারি বরাদ্দে। কয়েক দিন পরপর কোনো না কোনো নদী বা খাল দখল বা দূষণের ঘটনা খবরের শিরোনাম হয়। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি মানিকগঞ্জ সদর উপজেলায় ভাড়ারিয়া গ্রামে একই নামে একটি খাল ভরাট করা হচ্ছে।

সরকারি বরাদ্দেই মাটি ফেলে সেই কাজটি করছেন সেখানকার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জলিল, তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যও। বোঝাই যাচ্ছে, ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় একই সঙ্গে আইন লঙ্ঘন ও সরকারি অর্থ অপচয় করতে তোয়াক্কা করছেন না তিনি।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, বালিরটেক-হরিরামপুর সড়কের ভাড়ারিয়া গ্রামে খালটির ওপর নির্মিত সেতুর দক্ষিণ পাশে খাল ঘেঁষে

ইউপি চেয়ারম্যানের বসতবাড়ি। সেই বাড়ি সম্প্রসারণের জন্য খালের বেশ কিছু অংশে মাটি ফেলে ইতিমধ্যে ভরাট করা হয়েছে। ফলে খালের পানি আটকা পড়েছে। সেখানে এই কাজের বিবরণ দিয়ে একটি ফলকও বসানো হয়েছে। সেটি থেকে জানা যাচ্ছে, ২০২১-২২ অর্থবছরে দুই লাখ টাকায় খালটি ভরাট করা হচ্ছে। এ প্রকল্পের সভাপতি করা হয়েছে ইউপি সদস্য বশির উদ্দিনকে।

ইউপি চেয়ারম্যান আবদুল জলিলের দাবি, এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে খালটি ভরাট করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। আর খালটিতে এখন পানি প্রবাহিত হয় না। যদিও এলাকাবাসী ও কৃষকেরা বলছেন ভিন্ন কথা। তাঁদের ভাষ্য, খালের পানি কৃষিজমিতে সেচের পাশাপাশি নানা কাজে ব্যবহৃত হয়। খালের পানিতে মাছও শিকার করে থাকেন তাঁরা। এখন খালটি ভরাট করা হলে সেচের পানির অভাব দেখা দেবে। এ ছাড়া বৃষ্টিপাত হলে জলাবদ্ধতাও তৈরি হবে। এতে কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হবে।

কোনো খাল মৃতপ্রায় হলে সেটিতে আবারও পানিপ্রবাহের পদক্ষেপ নেওয়াই একজন জনপ্রতিনিধির দায়িত্ব। সেটি না করে বরং খালটিকে চিরতরে মেরে ফেলার বন্দোবস্ত করছেন ইউপি চেয়ারম্যান আবদুল জলিল।

আইন অনুযায়ী খাল ভরাটের কোনো সুযোগ নেই। আবদুল জলিলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া হলে অন্য জনপ্রতিনিধিরাও এমন অপকর্ম করার সুযোগ পাবেন। আমরা দেখতে চাই, স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কখন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সেই সঙ্গে খালটি দ্রুত দখলমুক্ত করা হোক।