দেশের রাজনৈতিক ক্ষমতাচর্চা ও পেশিশক্তির বড় শিকার হচ্ছে নদী, খাল, বিল, পুকুর। সেখানে স্থানীয় প্রশাসন কোনো কিছু করতে পারছে না। এ ব্যাপারে আইন থাকলেও এমনকি প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা থাকলেও সেটি প্রয়োগ করতে পারছে না প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো। যেমনটি আমরা দেখতে পাচ্ছি রাজশাহী নগরের সপুরা এলাকায়। সেখানে শুকনা দিঘি নামে একটি জলাশয়কে ধীরে ধীরে শুকিয়ে মারারই যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে। এর পেছনে যুক্ত আছে ক্ষমতাসীন দলের লোকজন। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। বিষয়টি খুবই দুঃখজনক।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, শুকনা দিঘির উত্তর-পূর্ব কোণে ছোট ছোট ৮ থেকে ১০টি দোকানঘর নির্মাণের কাজ চলছে। নির্মাণকাজ তদারককারীর বক্তব্য দোকানগুলোর অধিকাংশ সিটি করপোরেশনের একজন কাউন্সিলরের। অথচ সিটি করপোরেশনই শহরের জলাধার সংরক্ষণের জন্য একটি প্রকল্প প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। সেখানে ২২টি পুকুর ও দিঘি তালিকাভুক্ত করা হয়। কিন্তু সেই প্রকল্প নিয়ে এখন পর্যন্ত মন্ত্রণালয়ে কোনো আগ্রহই দেখা গেল না। সেটিরই নেতিবাচক প্রভাব আমরা দেখছি শুকনা দিঘি দখল করার মধ্য দিয়ে। সেই তালিকায় এই পুকুরের নাম ছিল। আরও দুঃখজনক হচ্ছে যে সিটি করপোরেশন এই প্রকল্পের প্রস্তাব করেছে এবং তারই এক কাউন্সিলর এই দখলদারির সঙ্গে যুক্ত। যদিও তিনি বিষয়টি অস্বীকার করেছেন।
গ্রীষ্মকালে উচ্চ তাপমাত্রায় ভুক্তভোগী হতে হয় রাজশাহীর মানুষকে। এ ছাড়া বিভাগীয় শহরটিতে কোনো অগ্নিকাণ্ড ঘটলে তা নিয়ন্ত্রণে আনতে পানির অভাবও দেখা দিচ্ছে। ফলে প্রকল্পের মাধ্যমে এই ২২টি পুকুর সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছিল সিটি করপোরেশন। আমরা মনে করি, এটি একটি বাস্তবসম্মত, জনবান্ধব ও পরিবেশবান্ধব প্রকল্প। ধারণা করা হচ্ছে, প্রকল্পটি মন্ত্রণালয়ের অর্থ বরাদ্দ পাচ্ছে না। দেশে এমন অনেক প্রকল্পে বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হয়, যা নিয়ে সমালোচনার শেষ নেই। অনেক প্রকল্প কোনো কাজেই আসছে না, হাজার হাজার কোটি টাকার ভবন পড়ে আছে, এমন উদাহরণও আছে। তাহলে কেন রাজশাহী শহরের এই পুকুর সংরক্ষণের প্রকল্পের প্রস্তাব আটকে থাকবে?
পরিবেশ সংগঠকদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালে তিন মাসের জন্য নগরের পুকুরগুলো ভরাট স্থগিত করার জন্য একটি আদেশ দেন হাইকোর্ট। সেই রিটের এখনো নিষ্পত্তি হয়নি। এ পর্যন্ত পুকুর ভরাটের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর থেকে চারটি মামলা করা হয়েছে। এরপরও রাজশাহী নগরের বিভিন্ন এলাকায় পুকুর ভরাট-দখল চলছেই। রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আর জেলা প্রশাসন কী করছে? শুকনা দিঘি ভরাট করে যে কাজ চলছে, তা এখনই বন্ধ করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং একই সঙ্গে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
আমরা চাই ভবিষ্যতে সব ধরনের দখলদারি ঠেকাতে শুকনা দিঘিসহ রাজশাহীর ২২টি পুকুরের চারদিকে পাড় বেঁধে দিয়ে সংরক্ষণ করা হোক।