পুনরুদ্ধারে প্রশাসনের জরুরি পদক্ষেপ চাই

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীই হচ্ছে এ দেশের প্রাণ। নদীকে আদালত জীবন্ত সত্তা হিসেবেও ঘোষণা করেছেন। কিন্তু সেই নদীকেই নানাভাবে আমরা মেরে ফেলছি। একসময়কার বিপুল স্রোতে চলা নদীগুলো মানুষের লোভ ও দস্যুতার কাছে হার মানছে।

নদীকে ঘিরে অনেক শহর গড়ে উঠলেও দিন শেষে সেই নদীই অস্তিত্বহীন পড়ছে। অপরিকল্পিত নগরায়ণে গুরুত্বহীন পড়েছে নদী। যেমনটি আমরা দেখছি রাজশাহী নগরে। সেখানকার তিনটি নদীর কোনোটিই এখন আর মানচিত্রে নেই।

পদ্মা নদী থেকে উৎপত্তি হওয়া বারাহী, স্বরমঙ্গলা ও দয়া একসময় রাজশাহী শহরের ভেতর দিয়ে বয়ে যেত। কিন্তু দিনের পর দিন দখল-বেদখলে নদী তিনটির চিহ্নই মুছে গেছে। যদিও নগরীর কিছু জলাশয় দেখলে বোঝা যায়, সেগুলো একসময় নদী ছিল।

পুরোনো বইপত্তর ও নদী গবেষকদের কাছ থেকে জানা যায়, বারাহী নদীর উৎসমুখ রাজশাহী নগরের ফুদকিপাড়া মহল্লা পদ্মা থেকে। ২০ কিলোমিটার দীর্ঘ এ নদী এখন মৃত। নগরের তালাইমারী এলাকায় ছিল স্বরমঙ্গলা নদীর উৎসমুখ।

খরস্রোতা এই নদী নগরের কাজলা-জামালপুর ও নামোভদ্রা এলাকা দিয়ে প্রবাহিত হতো। অস্তিত্ব হারালেও কোথাও কোথাও সেটি এখন জলাভূমির চরিত্র ধারণ করেছে। আর দয়া হচ্ছে স্বরমঙ্গলারই শাখানদী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পশ্চিম দেয়ালের পাশে তাকালে নদীটির রেখা বোঝা যায়।

একসময় স্থানীয় লোকজন এসব নদীতে গোসল করেছেন। পূর্বপুরুষদের মুখে তঁারা শুনেছেন, এসব নদীতে একসময় লঞ্চ চলাচল করত। আমরা জানতে পারছি, উনিশ শতকের শেষ ভাগের দিকে বন্যা নিয়ন্ত্রণে পদ্মা নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। তখন অনেকগুলো স্লুইসগেট বা জলকপাট করা হয়। নদীগুলোর মুখেও বসে জলকপাট। তখন থেকে ধীরে ধীরে নদীগুলোর উৎসমুখ মরে যেতে থাকে। এরপর একেবারে পরিচয় হারিয়ে ফেলে বারাহী, স্বরমঙ্গলা ও দয়া।

তবে এখনো নদীগুলো পুনরুদ্ধারের সুযোগ আছে। নদী গবেষক মাহবুব সিদ্দিকী বলছেন, রাজশাহীর হারিয়ে যাওয়া স্বরমঙ্গলা নদীর অনেক জায়গা এখনো দখলমুক্ত রয়েছে। নদীর এই অংশ খনন করে সেচের কাজে ব্যবহারের জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিতে পারে। 

আমরা জানতে পারছি, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় সিএস রেকর্ড অনুযায়ী নদীর জায়গাগুলো জেলা প্রশাসন ইতিমধ্যে চিহ্নিত করেছে। পিলার বসানো এবং দখলমুক্ত করার জন্য চিঠি দিয়ে বরাদ্দের আবেদনও করা হয়েছে। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ সমন্বিত উদ্যোগ নিলে নদীগুলো আবারও প্রাণ ফিরে পাবে, এতে কোনো সন্দেহ নেই। নদী তিনটিকে পুনরুদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হোক