শ্রমজীবী পরিবারের শিশুরা কি আমাদের নয়

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘রূপকল্প’ হচ্ছে সবার জন্য মানসম্মত প্রাথমিক ও মৌলিক শিক্ষা। এ মন্ত্রণালয়ের ‘অভিলক্ষ্য’ প্রাথমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও গুণগত মান উন্নয়নের মাধ্যমে সবার জন্য প্রাথমিক ও মৌলিক শিক্ষা নিশ্চিত করা।

প্রশ্ন হচ্ছে সরকারের এই রূপকল্প ও অভিলক্ষ্য থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বহেরারচালা, দুখলা ও বেতঝুড়ির শিশুরা কেন বাইরে থেকে যাচ্ছে? তারা শ্রমিকের সন্তান বলে?

প্রথম আলোর প্রতিবেদন বলছে, বহেরারচালা, দুখলা ও বেতঝুড়ি—এই তিন গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। এসব গ্রামের স্থায়ী ভোটার সংখ্যা পাঁচ হাজারের বেশি। এর বাইরেও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা আরও প্রায় তিন গুণ মানুষ এসব গ্রামে বসবাস করেন। তাঁরা মূলত তৈরি পোশাক খাতের শ্রমিক। দিনরাত কাজ করেন। তাঁদের সন্তানদের জন্য গ্রামগুলোয় কোনো স্কুল নেই।

১৯৯৩ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় বহেরারচালায় একটা অস্থায়ী স্কুল হয়েছিল। বছর দশেক চলার পর সেটি বন্ধ হয়ে গেছে। প্রথমে স্কুলটির দরজা-জানালা লোপাট হয়েছে, তারপর ঈদগাহ সম্প্রসারণের জন্য স্কুলের জায়গাও খোয়া গেছে। এই তিন গ্রামে বসবাসরত শিশুদের ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা কিন্ডারগার্টেন, মাদ্রাসা বা দূরের প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পড়ালেখা করতে হচ্ছে।

এ নিয়ে গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ভূঁইয়ার সঙ্গে কথা হয়। তিনি বলেন, স্কুল তৈরির প্রধান শর্ত হলো দুই কিলোমিটারের মধ্যে কোনো স্কুল থাকলে নতুন সরকারি স্কুল হবে না। কথা হলো, যে তিন গ্রামের কথা বলা হচ্ছে, সেখানকার বাসিন্দাদের পক্ষে প্রতিদিন দুই কিলোমিটার দূরের স্কুলে শিশুদের পাঠানো কঠিন। প্রাক্‌-প্রাথমিক বিদ্যালয়ে পড়া শিশুদের বয়স ৪ আর পঞ্চম শ্রেণি পড়ুয়া ছাত্রছাত্রীদের বয়স বড়জোর ১০ থেকে ১১। এই বয়সী শিশুদের পক্ষে কি একা একা দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুলে যাওয়া সম্ভব? জনসংখ্যা, আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে স্কুল তৈরির শর্ত সরকার শিথিল করতে পারে।

তার চেয়েও বড় কথা, বেসরকারি স্কুল বা মাদ্রাসায় শিশুদের লেখাপড়া করাতে খরচ হয়। অথচ সরকার বিনা মূল্যে সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিতের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই শিশুদের জন্য লেখাপড়ার ব্যবস্থা না করা সরকারের প্রতিশ্রুতির বরখেলাপও বটে।

বাংলাদেশের স্বাধীনতার পর সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল ৩৬ হাজারের ওপর, এখন এই সংখ্যা হয়েছে ৬৫ হাজারের মতো। ১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সংখ্যা কোনো হিসাবেই যথেষ্ট নয়।

বাংলাদেশের এসডিজি লক্ষ্যমাত্রা হলো ২০৩০ সালের মধ্যে সব শিশুর জন্য অবৈতনিক, ন্যায়ভিত্তিক ও মানসম্মত প্রাথমিক-মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করা। শ্রীপুরের এই শ্রমজীবী পরিবারের শিশুদের মতো সব শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা না গেলে আমরা শুধু জীবনভর রূপকল্প আর অভিলক্ষ্য নির্ধারণেই আটকে থাকব; কাজের কাজ কিছুই হবে না।