সরকারি বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের বেঁচে থাকার যে মৌলিক পাঁচটি চাহিদা সংবিধানে স্বীকৃত, সেখানে তৃতীয় নম্বরে আছে স্বাস্থ্যসেবা। খাদ্য ও বাসস্থানের পরেই সেটির অবস্থান। বাংলাদেশের সংবিধানের অন্যতম মৌলিক নীতি সমাজতন্ত্র, যেখানে সব নাগরিকের অত্যাবশ্যকীয় চাহিদা পূরণের কথা বলা আছে। এর মধ্যে স্বাস্থ্যসেবাকে কোনোভাবেই অগ্রাহ্য করা যায় না।

সুস্থ জাতি গঠনের জন্য মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করা অপরিহার্য। মানুষের মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব রাষ্ট্রের, সেখানে স্বাস্থ্যসেবায় জনপ্রতি রাষ্ট্রের হিস্যা কমে যাওয়া কেবল হতাশাজনক নয়, উদ্বেগজনকও বটে। প্রথম আলোর খবর অনুযায়ী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অর্থনীতি ইউনিট বলেছে, ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে স্বাস্থ্যসেবা খাতে ব্যয় সরকারের অংশ যথাক্রমে ২৮, ২৬ ও ২৩ শতাংশ। অর্থাৎ ধারাবাহিকভাবে সরকারের ব্যয় কমছে।

এই যে জনপ্রতি সরকারের স্বাস্থ্য খাতে ব্যয় কমছে এর অর্থ এই নয়, চিকিৎসাসেবা নেওয়ার পেছনে মানুষ স্বেচ্ছায় অর্থ খরচ করছে বা মানুষের চিকিৎসাসেবা নেওয়ার সক্ষমতা  বেড়েছে। বরং ওষুধের পেছনে ও রোগনির্ণয় ব্যয় উত্তরোত্তর বেড়ে চলেছে। ফলে ব্যক্তির ব্যয় বেড়েছে যথাক্রমে ৬৪, ৬৬ ও ৬৯ শতাংশ। এর আগে স্বাস্থ্য খাতে অর্থায়ন ও ব্যয়ের হিসাব নিয়ে এ ধরনের পাঁচটি প্রতিবেদন প্রকাশ করেছিল স্বাস্থ্য অর্থনীতি ইউনিট ও স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি বর্ধন জং রানা বলেন, মোট স্বাস্থ্য ব্যয়ের ৬৯ শতাংশ ব্যক্তিকে দিতে হলে তা সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার সহায়ক নয়। প্রতিবেশী শ্রীলঙ্কাসহ পৃথিবীর বহু কল্যাণমূলক রাষ্ট্রে ব্যক্তির স্বাস্থ্যসেবায় সিংহভাগ ব্যয় বহন করে থাকে সরকার কিন্তু বাংলাদেশে উল্টো নিয়মে চলছে। স্বাধীনতার পর জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত করা হয়েছিল।

পরে আওয়ামী লীগ সরকার কমিউনিটি ক্লিনিক স্থাপন করে, যা থেকে ইউনিয়ন পর্যায়ে বহু মানুষ স্বল্প মূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে আসছে। এটি অবশ্যই ভালো উদ্যোগ। কিন্তু এরপরও সারা দেশে সব মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেছে এ কথা বলা যাবে না। প্রত্যন্ত অঞ্চলে অনেক মানুষ এখনো ভুল এবং অপচিকিৎসার শিকার।

বাংলাদেশের স্বাস্থ্য খাতে প্রতিবছরই নতুন নতুন অবকাঠামো তৈরি হয়, যন্ত্রপাতিও কেনা হয়। কিন্তু অনেক জায়গায় পড়ে থাকে অবকাঠামো, দামি যন্ত্রপাতি বাক্সবন্দী থাকতে থাকতে নষ্ট হয়ে যাওয়ার খবরও আমরা পাই। গ্রামাঞ্চলের অনেক হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী থাকেন না। অনেক হাসপাতালে যন্ত্রপাতি আছে কিন্তু ব্যবহার করার লোক পাওয়া যায় না।

বাধ্য হয়ে মানুষ বেসরকারি হাসপাতালের দ্বারস্থ হয় এবং কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসাসেবা নিতে গিয়ে প্রতারিত হয়। এ অবস্থার পরিবর্তন আনতে হলে সত্যিকার অর্থে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হলে সরকারি বরাদ্দ বাড়াতে হবে এবং সেই বরাদ্দ যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে কি না, সে জন্য তদারকি জোরদার করার বিকল্প নেই।

 বর্তমান সরকারের নীতিনির্ধারকেরা ২০৩০ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য ঠিক করেছেন। কিন্তু যেভাবে ঢিমেতালে স্বাস্থ্য খাত চলছে, পরিস্থিতির পরিবর্তন না হলে সেই লক্ষ্য অপূর্ণই থেকে যাবে।