ছোট শিল্পের দিকেও নজর রাখতে হবে

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে নিতাইগঞ্জের আটা-ময়দার মিলের যে চিত্র উঠে এসেছে, তা উদ্বেগজনক। গমের সরবরাহে ঘাটতির কারণে সেখানে ৭২টি আটা ও ময়দার মিলের মধ্যে ৩৫টি বন্ধ হয়ে গেছে।

স্থানীয় চাহিদা পূরণ করেও এখানে উৎপাদিত আটা ও ময়দা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। বিদেশ থেকে আমদানি করা গম মিলে ভাঙানোর পর উৎপাদিত আটা ও ময়দার মিলমালিকেরা পাইকারি বাজারে বিক্রি করে থাকেন। কেবল আটা-ময়দার মিল নয়, ৮০ শতাংশ ডালের মিলও বন্ধ হয়ে গেছে।

মিলমালিকদের অভিযোগ, সরবরাহ কম থাকায় তাঁরা মিল চালু রাখতে পারছেন না। কেবল নারায়ণগঞ্জে নয়, আমদানি পণ্যের সরবরাহ না থাকায় দেশের অন্যান্য স্থানেও অনেক ছোট ও মাঝারি কারখানা বন্ধ হয়ে গেছে। এই অবস্থা থেকে উত্তরণে সরকারকে এগিয়ে আসতে হবে।

এসব মিল যাতে চালু রাখা যায়, সে জন্য গমের আমদানি ও সরবরাহ নিশ্চিত করতে হবে। গমের আমদানি কমে গেলে শুধু মিলের মালিক–শ্রমিকেরাই ক্ষতিগ্রস্ত হবেন না, খাদ্যপণ্যের দামেও তার বিরূপ প্রভাব পড়বে। যেহেতু ভারতে গমের দাম অপেক্ষাকৃত কম, সেখান থেকে বেশি গম আমদানির চেষ্টা করতে পারে সরকার।

যেসব আটা-ময়দার মিল বন্ধ আছে, সেসব মিলের শ্রমিকেরা বেকার হয়ে পড়েছেন। কাজ হারিয়েছেন এর সঙ্গে সংশ্লিষ্ট পরিবহনশ্রমিক-মুটেরাও। এই দুর্মূল্যের বাজারে কাজ থাকতেই যেখানে পরিবার-পরিজন নিয়ে চলা দায়, সেখানে বেকার জীবন যে কত দুঃসহ, তা বলার অপেক্ষা রাখে না।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিঘাত আমাদের বৃহৎ শিল্পের পাশাপাশি ছোট ও মাঝারি শিল্পের ওপরও পড়েছে। কারখানা বন্ধ হওয়া মানে শ্রমিকদের বেকার হওয়া।

সেখান থেকে গমের আমদানি বাড়াতে পারলে এসব ছোট মিলমালিক ও শ্রমিকেরাও রক্ষা পাবেন। তাই সরকারের উচিত কেবল বড় ব্যবসায়ীদের তোষণ না করে ছোট ও মাঝারি উদ্যোক্তাদেরও সহায়তা করা।