অচলাবস্থা নিরসনের একমাত্র পথ আলোচনা

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎকণ্ঠা-উদ্বেগই শেষ পর্যন্ত সত্যি হলো। ঢাকায় গতকাল শনিবার (২৮ অক্টোবর) বিএনপির সমাবেশ ঘিরে শান্তিশৃঙ্খলা বজায় থাকল না। সমাবেশ শুরুর আগে থেকেই সহিংসতা ও সংঘাত শুরু হওয়ায় শেষ পর্যন্ত সমাবেশ পণ্ড হয়ে যায়। সহিংসতা শুরুর পেছনে কোন পক্ষ দায়ী, তা নির্দিষ্ট করে বলা কঠিন।

কিন্তু এই সংঘাতে দুর্ভাগ্যজনকভাবে একজন পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। সবচেয়ে বড় শঙ্কার বিষয় হচ্ছে, এই সংঘাতের মধ্য দিয়ে গত বছরের ডিসেম্বরের পর থেকে চলে আসা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নতুন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল।

নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলগুলো বেশ কয়েক দিন আগেই ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল। সমাবেশকে কেন্দ্র করে সারা দেশ থেকেই বিএনপির অনেক নেতা-কর্মী আগেভাগেই ঢাকায় এসে উপস্থিত হয়েছিলেন।

পথে পথে পুলিশের বাধা, তল্লাশি ও গ্রেপ্তারের পরও গতকাল সকাল থেকেই দলটির নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে নয়াপল্টন ও আশপাশের বিএনপির সমাবেশস্থলে হাজির হন। কিন্তু সমাবেশের সেই স্বতঃস্ফূর্ততা ও শান্তিপূর্ণ আবহ দুপুর সোয়া ১২টার পর থেকে পাল্টে যেতে শুরু করে। দফায় দফায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে সমাবেশও পণ্ড হয়ে যায়।

সাম্প্রতিক মাসগুলোতে বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দেওয়ায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত দুই পক্ষই সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে সক্ষম হয়েছিল। গত ২৭ জুলাইয়ের পাল্টাপাল্টি সমাবেশে ঢাকায় বড় জমায়েত হলেও তা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছিল। গতকাল বিএনপির কর্মসূচির পাল্টায় আওয়ামী লীগ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে ‘শান্তি’ সমাবেশ করে।

ঢাকা মহানগর এবং আশপাশের জেলাগুলো থেকে বাধাহীনভাবেই বাস, পিকআপ ভ্যান, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে এসে তাদের নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন। নানা নাটকীয়তার পর জামায়াতে ইসলামীও আরামবাগে সমাবেশ করে। প্রেসক্লাবসহ ঢাকার আরও কয়েকটি জায়গায় গণতন্ত্র মঞ্চসহ আরও কয়েকটি দল সমাবেশ করে।

বিরোধী দল ও সরকারি দলের এসব কর্মসূচির কারণে গতকাল ঢাকা কার্যত সমাবেশের নগরীতে পরিণত হয়। সমাবেশের আগে কয়েকজন রাজনৈতিক নেতার যুদ্ধংদেহী বক্তব্যের কারণে জনমনে নানা উদ্বেগ, ভয় ছড়িয়ে পড়ে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা আগে থেকেই ছিল। সমাবেশে আসা কর্মীদের অনেকের হাতেই লাঠিসোঁটা দেখা যায়। শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে বড় সংঘাত এড়ানো গেলেও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়া এড়ানো যায়নি।

সংঘাতে পুলিশ সদস্য, সাংবাদিক ও বিএনপির নেতা–কর্মীরা আহত হয়েছেন। দৈনিক বাংলা মোড়ে সংঘর্ষের সময় পুলিশ কনস্টেবল আমিনুল পারভেজ গুরুতরভাবে আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সংঘর্ষে কাকরাইলে পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাজারবাগ পুলিশ হাসপাতালে অ্যাম্বুলেন্সসহ ১৯টি যানবাহনে আগুন দেওয়া হয়। এ ছাড়া ঢাকার আরও কয়েকটি স্থানে বাস ও অন্যান্য যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সংঘর্ষের জেরে বিএনপি ও আরও কয়েকটি দল আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি দিয়েছে। ফলে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের বদলে অস্থিরতা, অনিশ্চয়তার পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা দেখা যাচ্ছে। সংঘাতময় রাজনৈতিক পরিবেশে প্রত্যাবর্তন আমাদের কারও কাছেই কাম্য হতে পারে না।

গত দুটি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হওয়ায় আজকের এই রাজনৈতিক অচলাবস্থা। পারস্পরিক আলাপ–আলোচনা ও সংলাপই এই অচলাবস্থা নিরসনের একমাত্র পথ।