দ্রুত নড়িয়ার গৃহহীনদের পাশে দাঁড়ান

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির শিকার দেশগুলোর মধ্যে আছে বাংলাদেশ। এখন প্রতিবছর একাধিক বন্যা বা ঘূর্ণিঝড়ের শিকার হতে হচ্ছে আমাদের। নদীর ভয়াবহ ভাঙন তো আছেই।

ফলে বাড়ছে গৃহহীন ও নিঃস্ব মানুষের সংখ্যা। যাদের বলা হচ্ছে জলবায়ু উদ্বাস্তু। সম্প্রতি বিশ্বব্যাংকের এক হিসাব অনুযায়ী, বাংলাদেশে এখন প্রতিবছর চার লাখ মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে আসছে স্থায়ীভাবে। এ সংখ্যা প্রতিদিন দুই হাজারের মতো। তাদের মধ্যে শতকরা ৭০ ভাগ জলবায়ু উদ্বাস্তু। সরকার গৃহহীন ও ভূমিহীন মানুষের মধ্যে জমিসহ ঘর করে দিচ্ছে, যার মধ্যে বড় একটি অংশ নদীভাঙনের শিকার পরিবার।

এর বাইরেও অনেক পরিবার থেকে যাচ্ছে, কয়েক বছর পার হয়ে গেলেও যাদের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যেমনটি আমরা দেখতে পাচ্ছি পদ্মা নদীর তীরে নড়িয়া উপজেলার কয়েকটি ইউনিয়নে।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত পদ্মার ভয়াবহ ভাঙন দেখা দেয় সেখানকার মোক্তারের চর, নড়িয়া পৌরসভা, কেদারপুর, ঘড়িসার, চরআত্রা ও নওপাড়া ইউনিয়নে। এতে অন্তত ২০ হাজার পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে যায়।

শুধু ২০১৮ সালের ভাঙনেই পাঁচ হাজারের বেশি পরিবার গৃহহীন হয়ে পড়ে। নদীতে বিলীন হয়ে যায় তিনটি বাজারের সাড়ে পাঁচ শ ব্যবসাপ্রতিষ্ঠান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনসহ তিনটি দ্বিতল ভবনও চলে যায় নদীগর্ভে। ২০১৯ সাল থেকে ভাঙন রোধে হাজার কোটি টাকার প্রকল্প শুরু হওয়ার পর পদ্মার ভাঙন থামে। কিন্তু গৃহহীন হয়ে পড়া পরিবারগুলোর কথা কেউ ভাবেনি।

অনেক পরিবার এলাকা ছেড়ে ঢাকার বিভিন্ন বস্তিতে ঠাঁই নিয়েছে। অনেক পরিবার বিভিন্ন ফসলি জমি ও বাগানের জায়গা ভাড়া নিয়ে ছাপরা তুলে বসবাস করছে। অনেকে আশ্রয় নিয়েছে সড়কের পাশে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এমন পরিবারের সংখ্যা পাঁচ হাজার।

ভাঙনে নিঃস্ব ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়া হয়, যা এতগুলো পরিবারের পুনর্বাসনের ক্ষেত্রে তেমন প্রভাব ফেলেনি বলা যায়। তাঁদের ভাষ্য, ‘জীবনের শেষ পর্যায়ে এসে এমন অসহায় হয়ে পড়ব, ভাবতেও পারিনি।

কেউ আমাদের পাশে দাঁড়ায় না, আমাদের কথা ভাবে না। মরার পর একটু মাটিও পাব না।’ জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, ‘পদ্মা নদীর উত্তর তীরের চর আত্রা ও নওপাড়ায় অনেক খাসজমি রয়েছে। কেউ চাইলে সেখানে আমরা তাঁদের পুনর্বাসন করতে পারব।’

আমাদের কথা হচ্ছে, বিষয়টি কাউকে চাইতে হবে কেন? প্রশাসন কেন নিজ থেকে উদ্যোগী হয়ে এসব গৃহহীন মানুষের পুনর্বাসনের দায়িত্ব নেবে না? নড়িয়ার এই গৃহহীনদের দ্রুত পুনর্বাসন করা হোক।