রাষ্ট্রীয় বা সরকারিভাবে কোনো অবকাঠামো নির্মাণে জমি অধিগ্রহণের প্রয়োজন হতে পারে। সে জন্য জমির মালিককে ক্ষতিপূরণ দেওয়া বাধ্যতামূলক। উন্নয়ন প্রকল্পগুলোতে জমি অধিগ্রহণের কারণে ভুক্তভোগীরা স্বাভাবিকভাবেই ক্ষতিপূরণ পান। কিন্তু যশোরের অভয়নগর উপজেলায় ইছামতী খালের ওপর একটি সেতু নির্মাণে পুরোপুরিভাবে এমন নীতির ব্যত্যয় ঘটেছে। সেখানকার একটি জেলেপল্লির জায়গাজমির ওপর সেতু নির্মাণ করা হচ্ছে ভুক্তভোগীদের কোনো প্রকার ক্ষতিপূরণ না দিয়েই। স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, এতে করে কি সরকারি কর্তৃপক্ষ সাধারণ মানুষের সম্পত্তি দখল করল না?
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, অভয়নগরের ইছামতী খালের ওপর পুরোনো সেতু ভেঙে নতুন একটি সেতু নির্মাণ করা হচ্ছে। নতুন সেতুর এক পাশের বর্ধিতাংশ পড়েছে স্থানীয় জেলেপাড়ার বাসিন্দাদের জমিতে। সেতুর বর্ধিত অংশে তাঁদের প্রায় ৩২ শতক জমি চলে গেছে। সেখানে জেলেপল্লির যে স্থাপনা ছিল, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। এমনকি সেতুর সংযোগ সড়কটিও জেলেদের জমির ওপর দিয়ে গেছে।
প্রকল্পের জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের বিষয়টি চূড়ান্ত না করেই সেতুর কাজ শুরু করে দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। গত বছরের ২৬ ডিসেম্বর সেতুটি নির্মাণের কাজ শুরু হয়েছে এবং ২০২৩ সালের ১৮ জুন তা শেষ হওয়ার কথা রয়েছে।
জেলেপল্লির ভুক্তভোগীদের ভাষ্য, ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা পাবেন কি না, এ নিয়ে তাঁরা সংশয়ে আছেন। সেতু নির্মাণ ও সড়ক সম্প্রসারণের ফলে উল্টো ভিটা থেকে উচ্ছেদের শঙ্কায় রয়েছেন তাঁরা। প্রকল্প–সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য, সেখানে জেলেদের জমি ছিল সেটি তাঁরা জানতেন না। তবে স্থানীয় সুধী মহলের অভিযোগ, কর্মকর্তারা সবকিছু জেনেও না জানার ভান করেছেন। জেলেরা দরিদ্র ও অল্প শিক্ষিত বলে তাঁদের জমি অধিগ্রহণের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়নি। কোনো ক্ষতিপূরণ দেওয়ার ইচ্ছাও তঁাদের মধ্যে দেখা যায়নি।
এ বিষয়ে প্রথম আলো প্রতিবেদন প্রকাশ করার পর চাপে পড়ে জমি সার্ভে করা হয়। অথচ এই কাজটা প্রকল্পের শুরুতেই করার কথা ছিল। আমরা এমন অভিযোগও জানতে পারছি, স্থানীয় ক্ষমতাসীন দলের নেতা, জনপ্রতিনিধি ও ঠিকাদারদের দিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হচ্ছে। জেলেদের আর্থিক প্রলোভন দেখানো হচ্ছে। যদিও সেটি ক্ষতিপূরণের তুলনায় নিতান্ত অল্প।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীর বক্তব্য, আগামী এক বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা ক্ষতিপূরণ পাবেন। আমরা চাই অবিলম্বে এ ক্ষতিপূরণ পরিশোধ করা হোক। প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে সরকারি কর্তৃপক্ষের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়।