ব্যবহার উপযোগী করতে ব্যবস্থা নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নির্মাণ’ও ‘রক্ষণাবেক্ষণ’ দুটি আলাদা বিষয়। আলাদা হলেও এর একটি আরেকটির সঙ্গে লগ্ন বা যুক্ত। যেকোনো অবকাঠামো বা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি স্থিতি ও কার্যকারিতার প্রশ্নে নির্মাণকে প্রথম ধাপ ও রক্ষণাবেক্ষণকে তার পরের ধাপ বলা যেতে পারে। কোনো প্রতিষ্ঠান বা অবকাঠামোর নির্মাণকাজ মসৃণভাবে শেষ করার পর তা যদি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা না যায়, তাহলে তা উপযোগিতা হারাতে বাধ্য হয় এবং নির্মাণের জন্য নিয়োজিত যাবতীয় অর্থ ও শ্রম বেলা শেষে পণ্ডশ্রম হিসেবে ধরা দেয়।

কোনো অবকাঠামো বা সেবাপ্রতিষ্ঠান ঠিকমতো গঠন করে তা দিনের পর দিন ফেলে রেখে নষ্ট করার নজির এ দেশে বিরল কিছু নয়। তেমনই নজির দেখা গেল মানিকগঞ্জে। সেখানে পৌরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে দেড় দশক আগে শিশুদের চিত্তবিনোদনের জন্য গড়ে তোলা শিশুপার্কটি এখন পরিত্যক্ত।

রক্ষণাবেক্ষণের অভাবে এটি জঙ্গলে পরিণত হতে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে এখানকার বিভিন্ন রাইড। জেলা কালেক্টরেট ভবনের সামনের পার্কটিতে এখন মাদকসেবীদের আনাগোনা বেড়ে গেছে।

প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, জেলা শহরে একটি শিশুপার্ক নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। শিশুপার্কের জন্য কয়েকবার মানববন্ধন হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২০০৭ সালে শিশুপার্কটি গড়ে তোলা হয়।

রক্ষণাবেক্ষণ না করায় পাঁচ বছরের মধ্যে সব রাইড ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লে পৌরবাসীর দাবির মুখে ২০১৭ সালে এটির আধুনিকায়নও হয়। কিন্তু আবার তা রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ হয়ে যায়, অর্থাৎ অবস্থাদৃষ্টে প্রতীয়মান হয়, শিশুপার্কটির নির্মাণ ও সংস্কারে পৌর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর যতটা আগ্রহ ছিল, তা রক্ষণাবেক্ষণে ততটা ছিল না।

সাধারণত অবকাঠামো নির্মাণের সঙ্গে আর্থিক ব্যয় ও লেনদেনের সম্পৃক্ততা নির্মাণকাজ বাস্তবায়নে ‘বড়দের’ আগ্রহী করে। এ ধরনের কাজ করার মধ্যে তাঁরা ‘বিনোদন’ পান। শিশুপার্কটি বেহালের ক্ষেত্রে সে ধরনের একটি গূঢ় বিষয় থাকাটা অসম্ভব কিছু নয়।

কারণ, শিশুদের বিনোদন নিশ্চিত করতে যে রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া অনুসরণ করতে হয়, তা যথেষ্ট অর্থকরী না হওয়ায় রক্ষণাবেক্ষণে ‘বড়দের’ উৎসাহে ভাটা পড়তেই পারে। এ ক্ষেত্রে সে ধরনের কিছু হয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। একই সঙ্গে শিশুপার্কটিকে যত দ্রুত সম্ভব বাচ্চাদের খেলার উপযোগী করে তোলা জরুরি।